Uncategorized

পূজায় বাড়ি ফেরা হচ্ছে না অপুর

শুটিং-এর ব্যস্ততায় এবার পূজায় বাড়ি যেতে পারছেন না অপু বিশ্বাস। আর তাতে মেয়ের উপর ভীষণ রেগে আছেন মা শেফালি বিশ্বাস।

বগুড়ায় অপুদের বাড়িতে এখন পূজার ধুম আয়োজন চলছে। মা আর ভাই-বোনেরা সব অপেক্ষায়, কখন আসবে বাড়ির ছোট মেয়েটি। কিন্তু অপুর দম ফেলার ফুরসত নেই। থাইল্যান্ড থেকে সিনেমার শুটিং শেষ করে শুক্রবার ছুটছেন কাতার। তাই এবার বগুড়া যাওয়া হচ্ছে না অপুর।

মঙ্গলবার সকালে অপু জানালেন, “হঠাৎ করেই কাতারের আমন্ত্রণ পেলাম। এমনভাবে অনুরোধ করল, না বলতে পারিনি। মা সব শুনে ভীষণ রাগ করেছেন। বলছেন, তুই তো এখন অন্য দুনিয়ার মানুষ হয়ে গেছিস। পরিবার-পরিজন সবার কথা ভুলে গেছিস। মাকে শত বুঝিয়েও কোনো ফল হচ্ছে না। দাদা আর দিদিরাও চটে আছেন।”

অপু জানালেন, তার মা পূজার দিনগুলোতে ধর্মীয় রীতি-নীতি মেনে চলার কড়া নির্দেশ দিয়েছেন।

“বাড়িতে থাকলে নিয়মকানুন মানতে হত। কিন্তু এখন তো আমি ঢাকায়। একা সব করে উঠতে পারব কি না জানি না। তবে কোনো একদিন কোনো এক মণ্ডপে গিয়ে অঞ্জলি দেবো।”

এদিকে অপু অভিনীত তিনটি সিনেমা ঈদে মুক্তির প্রহর গুনছে। এগুলো হল ওয়াকিল আহমেদের ‘সেরা নায়ক’, ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ এবং নজরুল ইসলাম খানের ‘কঠিন প্রতিশোধ’।

অপু জানান, কাহিনির প্রয়োজনে শেষ মুহূর্তে ‘শোধ’ ও ‘মনের ঠিকানা’ সিনেমা দুটির নাম পাল্টে রাখা হয়েছে ‘সেরা নায়ক’ ও ‘কঠিন প্রতিশোধ’।

তবে শেষ পযর্ন্ত ঈদে কয়টি সিনেমা মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত নন অপু।

“একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পাবে, এমন গুঞ্জন আমি শুনেছি। কিন্তু একসঙ্গে সবগুলো মুক্তি পেয়ে গেলে খুব টেনশনে পড়ে যাব। প্রতিটি সিনেমার গল্পই আলাদা। একেকটি সিনেমাতে দর্শক দেখবে এক নতুন অপুকে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button