খেলাধুলা

পাকিস্তানকে হটিয়ে ওয়ানডের ৮ নম্বরে বাংলাদেশ

ঢাকা, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে হটিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই আট নম্বর অবস্থান ধরে রাখতে পারলে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ মিলতে পারে মাশরাফি বিন মুর্তজার দলের।

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৭ সালের ১ থেকে ১৯ জুনে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল খেলবে। ইংল্যান্ড এখন র‌্যাঙ্কিংয়ে আটের মধ্যেই আছে। তাই বাংলাদেশ আট নম্বর স্থান ধরে রাখতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে।

৩০ এপ্রিল আইসিসির র‌্যাঙ্কিং বাৎসরিক হালনাগাদ হওয়ায় পর বাংলাদেশ এক ধাপ ওপরে উঠে এসেছে।

সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্টও বাংলাদেশের সমান ৮৮। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলা বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৭। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট কমেছে ৪।

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হারা পাকিস্তান নেমে গেছে নয় নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৮৭। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটির রেটিং পয়েন্ট কমেছে ৫।

২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

১২৯ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৭ পয়েন্ট বেড়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ভারতের বেড়েছে এক পয়েন্ট। ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

এক ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে আছে বিশ্বকাপে রানার্সআপ হওয়া নিউ জিল্যান্ড। ৮ বেড়ে এখন তাদের রেটিং পয়েন্ট ১১৬। নিউ জিল্যান্ডকে জায়গা ছেড়ে দিয়ে ১১২ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কা তাদের আগের পঞ্চম স্থানেই আছে। তবে রেটিং পয়েন্ট এক কমে ১০৬ হয়েছে তাদের। ইংল্যান্ডও আগের ষষ্ঠ স্থানে থাকলেও রেটিং পয়েন্ট ৭ কমে ৯৪ হয়েছে।

আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তান রয়েছে যথাক্রমে দশম, একাদশ ও দ্বাদশ স্থানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button