
বাবুল আহমদ সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নাট্যকার হিসেবে পরিচিত। ৮০ দশকের গোড়া থেকেই লেখালেখির সাথে জড়িত। ছোটগল্প দিয়ে শুরু হলেও মঞ্চনাটক ও বেতার নাটক লিখে পরিচিতি লাভ করেছেন। কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখছেন। ইতিমধ্যে “নিমগ্ন চৈতন্যে দ্বৈতসত্তা, ছানাবড়া, রাতুলের মন ভালো নেই, একমলাটে চারবই এবং চারদশকের গল্প” নামে পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
চারদিকে শুধু পচনের গন্ধ পাই
নাকে রুমাল চেপে আমি যখন গোলাপের
বাগান পেরিয়ে যাই, তখন গোলাপেরা খিলখিল করে হাসে।
শুটকি মাছের আড়ত থেকে মন খারাপ করে বেরিয়ে আসি
কেননা শুটকি মাছেও একরত্তি গন্ধ নেই। অথচ
চারদিকে শুধু পচনের গন্ধ পাই।
সরকারি হাসপাতালের করিডোরে হাঁটি
লাশকাটা ঘরে মৃত শবের শরীর বেয়ে
পুঁজ রক্ত মাছি আর ছুঁচো
মেথরপট্টির নোংরা নর্দমার পাশে-
শুকর ছানার সাথে শুয়ে রোদ পুহাই
শুনি বিন্দিয়ার গান,
কোথাও সেই চির পরিচিত গন্ধ নেই; অথচ
চারদিকে শুধু পচনের গন্ধ পাই।
#সিলেট, ১৮ এপ্রিল, ২০২১
প্রশ্ন
আকাশের মেঘরাশিকে প্রশ্ন করলাম,
তোমরা এক আকাশ থেকে অন্য আকাশে
উড়ে যাও কিভাবে? মেঘেরা উত্তর দিল,
আকাশের কোনো সীমারেখা নাই।
উত্তর থেকে দক্ষিণে নেমে আসা জলরাশিকে
জিজ্ঞেস করলাম, তোমরা এঁকেবেঁকে-
এক ভূমি থেকে অন্য ভূমিতে- প্রবেশ কর কিভাবে?
জলরাশি উত্তর দিল, আমাদের গন্তব্য মহাসাগরে,
নুড়ি পাথরের কী শক্তি আছে আমাদের গতি রোধ করে?
আমি তখন বাতাসের কাছে জানতে চাইলাম,
তোমার বেগে এত শক্তি পাও কোথা থেকে?
বাতাস হেসে উত্তর দিল, সমস্ত প্রাণীরা আমাতে
নিঃশ্বাস নেয় আর নিঃশ্বাস ত্যাগ করে,
আমি তখন নিজেকে প্রশ্ন করার জন্য তৈরি হলাম, কিন্তু
নিজেকে প্রশ্ন করার মতো কোনো প্রশ্নই খোঁজে পেলাম না।
#সিলেট, ১৯ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৬:২৪ মি:
একঝাঁক নবেল করোনা
চারদিক কেমন ভুতুড়ে; নির্জীব।
একটা শেয়াল কিম্বা হুতুম পেঁচার ডাক শুনি না,
তাদের অশুভ ডাক এখন আমাদের প্রাণের সঙ্গীত।
জলবায়ূ দূষণ নিয়ে মাথা ঘামে না ঠান্ডা ঘরে,
পারমানবিক তেজস্ক্রিয়তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
একঝাঁক নবেল করোনা ভেসে বেড়াচ্ছে বাতাসে।
এখন প্রচুর বাতাস কার্বনমনোক্সাইডবিহীন-
আকাশটা আরো উজ্জ্বল- আরো গাঢ় নীল,
মেঘ বালিকারা এসিড আতঙ্কে মোটেও ভীত নয়।
ডাস্টবিনে উচ্ছিষ্ঠ খাবারের স্তুপ নেই,
রেওয়ারিশ কুকুরগুলো ক্ষুধার্ত-
অস্থির পায়চারি করা মানুষ, কুকুরগুলো,
প্রতিদিন নিশ্চিত পেয়ে যেত চিকন চালের পোলাও,
হাড় সমেত অবশিষ্ট রোস্ট, ফ্রাইড চিকেন,
কাবার, চাইনীজ স্যালাদ; কী স্বাদ!
অথচ এখন কুকুর আর বেওয়ারিশ মানুষের প্রতিযোগিতা
উচ্ছিষ্ঠ খাবারের জন্যে।
পৃথিবীর আয়ূ বেড়ে গেল আরো এক ধাপ।
প্রকৃতি তার নিজ হাতে সাজিয়ে নিল অগোছালো জঞ্জাল,
একটা ঝাকুনি দিয়ে জাগিয়ে দিল তন্দ্রাচ্ছন্ন প্রহরীকে,
বুঝিয়ে দিল একটি নতুন প্রভাতের জন্য শেষরাতের নিদ্রাহীন
পাহারা কতটা নিঃসার্থ হওয়া জরুরী।

