
চারদিকে শুধু পঁচনের গন্ধ পাই
বাবুল আহমদ
নাকে রুমাল চেপে আমি যখন গোলাপের
বাগান পেরিয়ে যাই, তখন গোলাপেরা খিলখিল করে হাসে।
শুটকি মাছের আড়ত থেকে মন খারাপ করে বেরিয়ে আসি
কেননা শুটকি মাছেও একরত্তি গন্ধ নেই। অথচ
চারদিকে শুধু পচনের গন্ধ পাই।
সরকারি হাসপাতালের করিডোরে হাঁটি
লাশকাটা ঘরে মৃত শবের শরীর বেয়ে
পুঁজ রক্ত মাছি আর ছুঁচো
মেথরপট্টির নোংরা নর্দমার পাশে-
শুকর ছানার সাথে শুয়ে রোদ পুহাই
শুনি বিন্দিয়ার গান,
কোথাও সেই চির পরিচিত গন্ধ নেই; অথচ
চারদিকে শুধু পচনের গন্ধ পাই।
#সিলেট, ১৮ এপ্রিল, ২০২১

