বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান- সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সীমান্তে আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বিজিবি সদর দপ্তরের নির্দেশে বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমরা সীমান্তে নজরদারি আরও কঠোর করেছি। ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চলছে এবং গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। এতে দুর্গম আর অন্ধকার এলাকাতেও কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে আমরা দ্রুত তা শনাক্ত করতে সক্ষম হব এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবো।
উল্লেখ্য যে, বুধবার দুপুর আনুমানিক দেড়টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ২ জন ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০) শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করে। এ সময় উক্ত এলাকায় টহলরত বিজিবির টহল দল ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি এবং ২টি দা, ০২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ উক্ত নাগরিকদের আটক করে।
বাসিয়া ডেস্ক রিপোর্ট


