[লেখক পরিচিতি: মোহাম্মদ আব্দুল হক কলামিস্ট ও কথাসাহিত্যিক। পিতা: হাজী মো. আব্দুল আজিজ তালুকদার, মাতা: আয়েশা খাতুন এষা, জন্ম: ২১ জানুয়ারি ১৯৭০ গ্রাম: হরিনাপাটি, রঙ্গারচর, সুনামগঞ্জ। প্রকাশিত গ্রন্থ: চারটি উপন্যাস: শ্বশুর বাড়ির জাঙ্গাল, বেপরোয়া নীলিমা, স্বপ্ন-চূড়ার প্রেমের সিন্ধু, পূর্বাচল সহ প্রবন্ধ, কবিতা, ছড়াগ্রন্থ মোট ১৩টি।]
সাহিত্য চর্চা শুধু লেখককে-ই মনোজগতে সমৃদ্ধি দান করে তা নয়, বরং সাহিত্য চর্চা পাঠকের মনোজগতকে সংকীর্ণতা থেকে মুক্ত করে বিশাল এক মননশীল চেতনার আকাশে উড়তে শেখায়, বিশাল জ্ঞান সমুদ্রে সাঁতার কাটতে শেখায় এবং বনজঙ্গল চষে বেড়িয়ে, পাহাড়ে চড়ে ও দেশে বিদেশে বিশ্বময় মানুষের মাঝে নিজেকে ও বিশাল সৃষ্টিকে খুঁজে পাওয়ার সোপান। যুগে যুগে কবি সাহিত্যিকগণ মানুষের মাঝে এমন কর্মের স্বাক্ষর রেখেছেন এবং এক-ই সাথে সমঝদার পাঠকরা নিজের ও পরিবারের এবং সমাজের মানুষকে বোধ জাগ্রত হওয়ার বিশাল কর্মটি করে গেছেন এবং তা অব্যাহত যুগের পর যুগে শতাব্দীর পর শতাব্দীর পথ ধরে সহস্রাব্দের সিঁড়ি বেয়ে। সাহিত্য সময়ের সীমানা ছাড়িয়ে দেশভিত্তিক ভৌগোলিক সীমারেখা ছেড়ে এক অঞ্চলের মানুষকে ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে যোগাযোগ ঘটানোর কাজটি করে চলেছে তার নিজস্ব গতিতে। এখানে বিশ্বসাহিত্যের সাথে বাংলা সাহিত্যের সংযোগ ঘটিয়ে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অনেক কবি সাহিত্যিক — তাঁদের অন্যতম হচ্ছেন ১৯৭৪ খ্রীষ্টিয় সালের ফেব্রুয়ারিতে মৃত্যু বরণ করে আজও শ্রদ্ধায় স্মরণীয় সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যের সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে প্রাণরসায়ন সংযোজন করে সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁকে নিয়ে আমাদের জানা আছে কিছু এবং জানার আছে অনেক বিষয়।
সৈয়দ মুজতবা আলী’র সশরীরে পৃথিবীর জীবনকাল খ্রীষ্টিয় ১৯০৪ সাল থেকে ১৯৭৪ খ্রীষ্টিয় সালের মধ্যে সীমাবদ্ধ। বাংলা সাহিত্যে তাঁর অবদান ব্যাপক। জ্ঞান অর্জন ও ভাষা শিক্ষায় এবং আধুনিক বাংলা সাহিত্যের চর্চায় অন্যতম যাঁরা তাঁদের মধ্যে সৈয়দ মুজতবা আলী অত্যন্ত জনপ্রিয় একজন লেখক এবং পাশাপাশি তিনি বহুভাষাবিদ ও পন্ডিত। তাঁর লেখক বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তাঁর অনন্য অনিন্দ্য ভ্রমণকাহিনী এবং সাহিত্যরস নির্ভর রম্যরচনার জন্য বাংলা সাহিত্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন এবং সেজন্যে তিনি ভ্রমণকাহিনী ও রম্যলেখক হিসেবে বিশেষভাবে পরিচিত। বলা যায় তিনি তাঁর ভ্রমণকাহিনী ও রম্যসাহিত্যের দ্বারা প্রভাবিত করেছেন সমঝদার পাঠক ও পরবর্তী প্রজন্মের লেখকদেরকে। তাঁর সৃষ্ট সাহিত্য নিয়ে কিছু আলোচনা করবো। তার আগে তাঁর বর্ণাঢ্য ব্যক্তিগত জীবনের কথা জেনে নিই। সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেছেন তৎকালীন বৃটিশ ভারতের সিলেট জেলার আওতাধীন করিমগঞ্জ — ১৯০৪ খ্রীষ্টিয় সালের ১৩ সেপ্টেম্বর। যদিও তাঁর পৈত্রিক বসতবাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তরসূর গ্রামে — কিন্তু তাঁর পিতা সরকারি চাকরি করতেন বিধায় তাঁদের পরিবার পিতার সাথে সাথে বিভিন্ন জায়গায় গেছেন এবং এভাবেই জন্ম ও বেড়ে উঠা। তাঁর পিতা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী তখন কর্মরত একজন সাবরেজিস্ট্রার হিসেবে। সরকারি চাকরি বদলির চাকরি, তাই সৈয়দ মুজতবা আলী’র প্রাথমিক শিক্ষা জীবন কাটে পিতার কর্মস্থল অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এক পর্যায়ে তিনি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী জীবন শেষ করেন। তিনি ১৯২১ খ্রীষ্টিয় সালে শান্তি নিকেতনে ভর্তি হন। বিশ্বভারতীর প্রথমদিকের শিক্ষার্থীদের মধ্যে তিনিও একজন ছিলেন। সেখানে থেকেই তিনি সংস্কৃত, আরবি, জার্মান ইত্যাদি ভাষা মিলিয়ে মোট পনেরোটি ভাষা সম্পর্কে শিক্ষা লাভ করতে সক্ষম হন। এখান থেকে তিনি ১৯২৬ খ্রীষ্টিয় সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। অনেক ভাষায় তাঁর দক্ষতা ছিলো বলেই তাঁকে বহুভাষাবিদ বলা হয়। তিনি পরে জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি অর্জন করেন। এর বাইরেও তিনি আলীগড় বিশ্ববিদ্যালয় এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন ছিলো বৈচিত্র্যময়। তিনি বিভিন্ন দেশে শিক্ষকতা ও গবেষণা করেছেন। তিনি কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক ছিলেন। তিনি কিছুকাল ভারতের বরোদা কলেজে অধ্যাপক হিসেবে যথেষ্ট সুনামের সাথে কাজ করেছেন। সৈয়দ মুজতবা আলী বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানেই শেষ নয়, তিনি আকাশবাণীর বিভিন্ন স্টেশনে (পাটনা, কটক, কলকাতা, দিল্লি) স্টেশনে পরিচালক হিসেবে কাজ করেছেন। শেষ জীবনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে একজন রিডার হিসেবেও কাজ করেছিলেন।
সৈয়দ মুজতবা আলী’র সকল শিক্ষা ও জ্ঞান চর্চা ছাড়িয়ে তিনি সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বাংলা সাহিত্যে তাঁর অবদান আর কারো সাথে চলে না, এক কথায় তিনি অনন্য। বাংলা সাহিত্যে তিনি হাস্যরসের যোগান দিয়ে হয়েছেন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর লেখায় পাণ্ডিত্য অসাধারণ সংমিশ্রণ দেখা যায়। তিনি সত্যপীর, প্রিয়দর্শী ইত্যাদি ছদ্মনাম নিয়েও লিখেছেন। বাংলা সাহিত্যের ভ্রমণকাহিনী লেখকের তালিকায় শীর্ষে সৈয়দ মুজতবা আলী। তাঁর খুব জনপ্রিয় গ্রন্থ দেশে বিদেশে, জলে ডাঙ্গায়। রম্যরচনা ও প্রবন্ধে তাঁর গ্রন্থের অন্যতম হলো, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চাচা কাহিনী। তাঁর বিখ্যাত উপন্যাস শবনম, অবিশ্বাস, শহর-ইয়ার। সৈয়দ মুজতবা আলী’র বিখ্যাত কিছু উক্তি হলো — “বই কিনে কেউ দেউলিয়া হয় না।”, “বিদেশি ভাষা শেখা মানে হচ্ছে একটা নতুন জানালা খুলে যাওয়া”, ” মানুষের চেয়ে বড়ো কোনো তীর্থস্থান নাই।”, “ঝগড়া করার জন্য বুদ্ধির প্রয়োজন হয় না, কিন্তু মিটমাট করার জন্য অসীম ধৈর্য্য ও বুদ্ধির প্রয়োজন।”, ” পুরনো বন্ধু হচ্ছে পুরনো মদের মতো — যত দিন যায় ততই তার নেশা ও কদর বাড়ে।”, “খাওয়ার সময় কথা বলতে নেই — এ নিয়ম বিলেতি। আমাদের দেশে খাওয়ার সময় কথা না বললে হজম হয় না।” সৈয়দ মুজতবা আলী’র এমন আরও বিখ্যাত উক্তি এখনও প্রাসঙ্গিক।
সৈয়দ মুজতবা আলী চর্চা করলে কিভাবে সাহিত্যে রসের সংযোগ ঘটানো যায় তার একটা ধারণা পাওয়া যায়। সৈয়দ মুজতবা আলী সাহিত্যে প্রাসঙ্গিক কেন? হ্যাঁ, প্রাসঙ্গিক। কারণ, শুদ্ধ সাহিত্য কোনো সমাজের দর্পন যেখানে সমাজের মানুষের আচার অনুষ্ঠান, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা এবং মানুষের বসবাস যে সমাজে সেই সমাজের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের ছবি ফুটে উঠে সাহিত্যে। শুধু কি এটুকুই? না, সাহিত্য মানুষকে ভাবায় ভাসায় এবং আনন্দ দেয়। সাহিত্যের গুরুত্ব অধিক গভীরে। সাহিত্য পাঠের মাধ্যমে মানুষ ঘরে বসেই অন্য কোনো দূরের দেশ, পিছনে ফেলে আসা কালে পৌঁছে যায় এবং এর মাধ্যমে মানুষ কল্পনার জগতে ভ্রমণ করে দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে মুক্ত হয়ে অনাবিল আনন্দের জগতে বিচরণ করতে পারে। কেউ কেউ সাহিত্যের মাঠে ঘুরে ঘুরে সহমর্মিতা ও আত্মোপলব্ধির সিঁড়ির সন্ধান পেয়ে যায়। উন্নত সাহিত্যের বহুধরনের চরিত্রের সাথে মিশে যেতে পারলে আনন্দ বেদনা সংগ্রাম এবং পরাজয়ের পাশাপাশি বিজয়ের গল্পের সাথে পরিচয় ঘটে মনোযোগী পাঠকের। এ থেকে সমঝদার পাঠক এক ধরনের আশা এবং মানসিক শান্তির সন্ধান পেয়ে থাকেন। এভাবে অনেকের আত্মোপলব্ধিও হয়। উন্নত সাহিত্য রচনা থেকে অনেক দূরের অজানা বিষয় জানা হয়ে যায়। সৈয়দ মুজতবা আলী’র লেখায় এসব কিছুই পাওয়া যায়। তাই, অবশ্যই সাহিত্যে সৈয়দ মুজতবা সবসময় প্রাসঙ্গিক।
তিনি দেশে বিদেশে ঘুরে বেড়িয়ে জ্ঞান আহরণ করেছেন , জ্ঞান বিতরণ করেছেন এবং শেষে ১৯৭৪ খ্রীষ্টিয় সালের ১১ ফেব্রুয়ারী ঢাকায় মৃত্যু বরণ করেন। বাংলা সাহিত্যে বিশেষভাবে অবদান রেখেছেন বলে ২০০৫ খ্রীষ্টিয় সালে বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করে। সৈয়দ মুজতবা আলী সম্পর্কে অল্প কথায় লিখে পুরোপুরি জানা সম্ভব নয়, তারপরও সৈয়দ মুজতবা আলী এবং আরও যাঁরা তাঁদের জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে বহু রকম রচনার দ্বারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন তাঁরা শ্রদ্ধায় স্মরণীয় এবং এই বোধ থেকেই কবি সাহিত্যিকদের সৃষ্টির খোঁজ নিলে জাতি হিসেবে আমরা ঠকবো না, বরং লাভবান হবো আরও বেশি। আসুন আমরা মনে প্রাণে বিশ্বাস করি — “বই কিনে কেউ দেউলিয়া হয় না।” আসুন আমরা বই পড়ি বইয়ের সাথে থাকি — সমৃদ্ধ জীবন গড়ি।।
#মোহাম্মদ আব্দুল হক, কলামিস্ট ও কথাসাহিত্যিক


