
অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয়দের খবরে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। এ ছাড়া তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়াদের মধ্যে উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলামের ১৮ বছর বয়সী ছেলে তানজিদ ইকবাল ইমনও রয়েছেন। সাইফুল ইসলাম জানান, গত বুধবার থেকে নিখোঁজ থাকায় তিনি থানায় জিডি করেছিলেন। পরবর্তীতে তার মুঠোফোনে কল দিয়ে ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে টাকা দাবি করে পাচারকারীরা।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ট্রলারটি তীরে পৌঁছালে পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত কেউ রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

