সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী ইউকে সম্মাননা ও পুরস্কার ২০১৫ পেয়েছেন কবি ও গবেষক কেতকী কুশারী ডাইসন, কবি হামিদ মোহাম্মদ ও কবি দিলু নাসের। বাংলা একাডেমী ইউকে আয়োজিত কার্ডিফ বই মেলায় এ পুরস্কার ও সম্মাননা আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়।
বাংলা একাডেমী ইউকে আয়োজিত কার্ডিফ বই মেলা ২০১৫ গত ২৫ অক্টোবর রোববার কার্ডিফ নগরীর বিটাউন প্যাভেলিয়নে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই মেলায় বই বিক্রি ও প্রদর্শনীর পাশাপাশি স্বরচিত কবিতাপাঠ,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো অন্যতম আকর্ষণ। আলোচন সভা শেষে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বিশেষ ব্যক্তিত্বদের বাংলা একাডেমী ইউকে পরিচালিত সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
একাডেমীর পরিচালক কবি মুনিরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কেতকী কুশারী ডাইসন এবং বিশেষ অতিথি ছিলেন কবি দেলোয়ার হোসেন মঞ্জু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ এনামুল ইসলাম।
কবি কেতকী কুশারি ডাইসন আলোচনা পর্বে অসাম্প্রদায়িক ধারাকে সমুন্নত রাখতে সাংস্কৃতিক কাজ উল্লেখযোগ্য ভূমিকা রাখে উল্লেখ করে বলেন,কার্ডিফ বইমেলা আয়োজন, কবি সাহিত্যিকদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ও পুরস্কার প্রদান ভিন দেশে একটি ঐতিহাসিক কাজ।
কবি দেলোয়ার হোসেন মঞ্জু আলোচনায় কবি কেতকী কুশারী ডাইসন ও কবি হামিদ মোহাম্মদের সাহিত্য কর্মের প্রশংসা করে বলেন, কেতকী কুশারি ডাইসন শুধু কবি নন, তিনি আমাদের বাঙালির গর্ব। বাঙালির শিকড় সন্ধানি ধীমতীকবি ও সাহিত্যস্র্রষ্টা এবং কবি হামিদ মোহাম্মদ একজন আপোসহীন সৎ প্রগতিবাদী কবি ও সাহিত্য সংস্কৃতি কর্মী। সুস্থ সংস্কৃতি চর্চার দায়বদ্ধতা নিয়ে তিনি বিলেতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য শাখা ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করেন। উদীচী বিলেতে এখন একটি জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠনের নাম। বাংলা একাডেমী ইউকে তাদের পুরস্কার ও সম্মাননা প্রদান করে সম্মানিত করায় আমি আনন্দ বোধ করছি।
দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথমপর্বে শাহজালাল বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি করে। আলোচনায় অংশ নেন সাংবাদিক মকিস মনসুর, গোলাম মর্তুজা, জেসমিন চৌধুরী, আমিনুর রশিদ,হারুন তালুকদার প্রমুখ। সঞ্ছলনা করেন মোস্তাফা সালেহ লিটন।
বিকেল দুইটায় বইমেলা উদ্ধোধন ও বইমেলাকে কেন্দ্রাতীত করে প্রকাশিত রক্তকরবী সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এবারেই প্রথম বাংলা একাডেমী ইউকের অনলাইন বুকশপের আনুষ্ঠানিক যাত্রারম্ভ হয়। বাংলা একাডেমী ইউকের সমূহ কার্যক্রম উপস্থাপন করেন বাবলু চৌধুরী। নতুন কার্যক্রমের মধ্যে যুক্ত হল- নির্বাচিত ডায়াস্পোরা কবিতা ও নির্বাচিত ডায়াস্পোরা গল্পগ্রন্থ প্রকাশ। ইউরোপ, আমেরিকা, ল্যাতিন আমেরিকাসহ বহির্বিশ্বে অবস্থানরত বাঙালি ডায়াস্পোরা কবি ও গল্পকারদের লেখা নিয়ে গ্রন্থদ্বয় শীঘ্রই প্রকাশ পাচ্ছে। বাংলা একাডেমী ইউকে প্রণীত পুরস্কার ২০১৫ এর জন্য এবছর তিনটি বিভাগে তিনজন পুরস্কৃত হলেন।
আজীবন সম্মাননা ২০১৫ পেয়েছেন কবি কেতকী কুশারী ডাইসন, শ্রীচৈতন্য স্মৃতিপুরস্কার ২০১৫ পেয়েছেন কবি হামিদ মোহাম্মদ, কবি দিলওয়ার সাহিত্য পুরস্কার ২০১৫ পেলেন কবি দিলু নাসের। সম্মাননার লৌকিকরূপ হিসেবে পদক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রাপ্তদের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন- কবি বাবলু চৌধুরী, লিপি হালদার, হামিদ মোহাম্মদ, মোস্তফা সালেহ লিটন, মুনিরা চৌধুরী, দেলোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।লোক কবি রাধারমণের নামে নিবেদিত সাংস্কৃতিক পর্বে একক সঙ্গীত পরিরেশন করেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী গৌরী চৌধুরী। কবিতাপাঠ, আলোচনাপর্ব ও সম্মাননা প্রদান পর্ব সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী তাহমিনা খান।
উল্লেখ্য, গত চার বছর ধরে কার্ডিফে বাংলা একাডেমী ইউকে প্রতিষ্ঠানটি বইমেলা আয়োজন এবং ২০১৪ সাল থেকে সম্মাননা ও পুরস্কার প্রদান প্রবর্তন করেছে। ২০১৪ সালে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট বুদ্ধিজীবী যতীন সরকার,সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী,কবি মানবেন্দু রায় ও কবি মুজিব ইরমকে।
কার্ডিফে বাংলা একাডেমী বই মেলায় কার্ডিফ ছাড়াও বিলেতের বিভিন্ন অ ল থেকে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। কার্ডিফের সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে বইমেলা উৎসব মুখর হয়ে ওঠে।

