
নূরুদ্দীন রাসেল : গতকাল ২১শে নভেম্বর ২০২৬ তারিখে সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ-এর ভারপ্রাপ্ত সভাপতি কবি দেওয়ান মতিউর রহমান খানের মমতাময়ী মা দেওয়ান পিয়ারা বেগমের মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসিয়া প্রকাশনীর জনসংযোগ কর্মকর্তা নাট্যকার বাবুল আহমদ।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল, কবি ও সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলাম, সাংবাদিক এমরান ফয়ছল, সাংবাদিক আব্দুল আহাদ, কবি কামাল আহমদ, কবি মো. এখলাছ-উর-রহমান এখলাছ প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও পাঠাগার সংগঠক মোহাম্মদ আরজু মিয়া, দেওয়ান মোস্তাফিজুর রহমান খান, শাহরিয়া শিকদারসহ দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীগণ।
বক্তারা মরহুমা দেওয়ান পিয়ারা বেগমের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন পরহেজগার, ধর্মপ্রাণ, পর্দানশীন ও মানবিক গুণাবলী সম্পন্ন নারী। সংসার জীবনে মরহুমা ছিলেন ১৩ সন্তানের জননী। সন্তানদের সুশিক্ষা, নৈতিকতা ও আদর্শিক জীবন গঠনে তাঁর অবদান ছিল অপরিসীম। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি পরিবার, সমাজ ও দ্বীনের কল্যাণে নানামুখী ভালো কাজ করে গেছেন। তাঁর ৯১ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি পরিবার ও সমাজে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখতেন।
বক্তারা মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের জন্য প্রার্থনা করেন।
পরিশেষে মরহুমা দেওয়ান পিয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কবি কামাল আহমদ।


