Homeখেলাধুলাখুলনায় ক্রিকেট উত্সবের আমেজ

খুলনায় ক্রিকেট উত্সবের আমেজ

নদ-নদী, গাছ-পালা আর নারকেল বীথির শহর বলা হয় খুলনাকে। প্রকৃতি অকৃপণভাবে সাজিয়েছে এই শহরটিকে। খুলনার বাইরে থেকে আসা মানুষ এই শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। রূপসা, ভৈরব, আটারোবাকী আর ময়ূর- এই চার নদী খুলনার রূপ-সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণ। প্রাকৃতিক এই নয়নাভিরাম রূপের পাশাপাশি শিল্পীর নিপূণ হাতের ছোঁয়ায় রূপসী খুলনা যেন হয়ে উঠেছে আরো উর্বশী। প্রায় পাঁচ মাস পর আজ মঙ্গলবার থেকে নগরীর শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট। আন্তর্জাতিক এই ক্রিকেট আসরকে ঘিরে পুরো নগরীতেই এখন উত্সবের আমেজ। গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে অর্ধশতাধিক তোরণ। বিলবোর্ডগুলোতে ঝুলছে টাইগারদের ছবি ও প্রশংসা বাক্য। ক্রিকেট আনন্দে উদ্বেলিত খুলনার মানুষ।

রাতের খুলনাকে এখন যেন চেনাই দায়, মনে হবে যেন পাশ্চাত্যের কোনো এক নগরী। নগরীর নয়া এই রূপ দেখতে সন্ধ্যার পর নানা বয়সী মানুষ ভিড় জমাচ্ছে ব্যস্ততম রয়্যাল মোড়, সাত রাস্তার মোড়ে, ময়লাপোতা মোড় আর শিববাড়ি মোড়ে। এদের কেউ দু’চোখ ভরে নয়নাভিরাম দৃশ্য দেখছেন, কেউ বা ব্যস্ত ক্যামেরা দিয়ে ছবি তুলতে। অনেকে আবার মুঠোফোনে সেলফি তুলে রাখছেন। এই সকল আয়োজন, উন্মাদনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ। খুলনা কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী আরিশা মোস্তফা হুমি, জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা মাহবুব মারিয়া, একই ক্লাসের ছাত্র মাহিয়ান শিকদার আরিন নগরীর আলোকসজ্জা দেখে খুশিতে ডগোমগো। তাদের আনন্দ যেন ধরেই না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, শুধু ক্রিকেটের জন্যই এতো সাজসজ্জা, এতো আয়োজন। সত্যিই অভাবনীয়। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, আমরা খুলনায় আরো বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চাই। আর ক্রিকেটই পারে তরুণ সমাজকে নানা ধরনের অবক্ষয় থেকে রক্ষা করতে।

শেখ আবু নাসের স্টেডিয়ামকে বলা হয় লাকি ভেন্যু। এখন পর্যন্ত এ ভেন্যুতে কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। চারটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট-এর সবকটিতেই জিতেছে টাইগাররা। এ মাঠের উইকেট আর আউটফিল্ডের প্রশংসা করেছেন এখানে খেলে যাওয়া দেশ-বিদেশের খ্যাতিমান অনেক ক্রিকেটার।

টেস্ট ভেন্যু হিসাবে শেখ আবু নাসের স্টেডিয়ামের অভিষেক ২০১২ সালে। গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছে শেষ ম্যাচ। সে ম্যাচে ব্রেন্ডন টেইলর-চিগুম্বুরাদের ১৬২ রানে হারিয়েছিল টাইগাররা। পাঁচ মাসের ব্যবধানে আবারও সেই লাকি ভেন্যুতে সাদা জার্সি পরে আজ মাঠে নামছে মুশফিক বাহিনী।

শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি জানান, বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের সকল প্রস্তুতি নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে। গ্যালারিতে নতুন চেয়ার বসানো হয়েছে। এছাড়া আউট ফিল্ড এবং উইকেটও পুরোপুরি প্রস্তুত। এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments