সিলেট নগরীর মদন মোহন কলেজে ছাত্রলীগের এক কর্মীর ছুরিকাঘাতে অপর এক কর্মী খুন হয়েছেন। নিহতের নাম আবদুল আলীম (১৯)। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার বেলা ১ টার দিকে কলেজ ক্যাম্পাসে নিজ দলের ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে। পরে বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল আলীম মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত আলীম সিলেটের দক্ষিণ সুরমার সিলাম গ্রামের আকলিস মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের বিধান সাহা গ্রুপের কর্মী ছিলেন। তার হামলাকারীরাও একই গ্রুপের কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও পুলিশ নাম বলতে চাইছে না।
ক্যাম্পাস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেয়া নিয়ে একই গ্রুপের কয়েকজন কর্মীর সাথে আবদুল আলীমের কথা কাটাকাটি হয়। বুধবার দুপুর ১ টার দিকে এর জের ধরে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতে আলীমের হার্ট ছিদ্র হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন।
আবদুল আলীমের বাবা আকলিস মিয়া বলেন, আলিমই পরিবারের বড় ছেলে। অনেক কষ্টে ছেলেটাকে পড়াচ্ছিলাম। কিন্তু রাজনীতি ছেলেটাকে কেড়ে নিল। আমি খুনিদের বিচার চাই।’
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বলেন, ছুরিকাঘাতে আলীম মারা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
মদনমোহন কলেজে নিজদলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
RELATED ARTICLES




