সর্বশেষ

রাজন হত্যা : কামরুলকে কারাগারে পাঠিয়েছে আদালত

12088585_165300533814848_6236271756551966904_nসিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে নির্মমভাবে পিটিয়ে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালতে। শুক্রবার সকাল ১১টায় তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আনোয়ারুল হক কারাগারে প্রেরণের আদেশ দেন।

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, রাজন হত্যা মামলায় পলাতক ছিল কামরুল। তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। আমরা পরোয়ানা তামিল করে তাকে আদালতে হাজির করি। আদালতের বিচারক কামরুলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার তিন পুলিশ কর্মকর্তা বিকেল ৩টায় কামরুলকে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে রাত ১০টায় ঢাকা থেকে আসামি কামরুলকে সিলেটে আনা হয়।

এরপর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি কামরুলকে আদালতে তোলা হচ্ছে। সে হিসাবে শুক্রবার রাত ১০ টার দিকে এই ২৪ ঘণ্টা শেষ হওয়ার কথা।

রাতে প্রেস ব্রিফিংয়ে কমিশনার বলেন, কামরুলকে দেশে ফেরাতে এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) প্রচেষ্টা সফল হয়েছে। এর নেপথ্যে সার্বিক সহযোগিতা করেছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসময় তিনি আরো বলেন, আইন অনুযায়ী যে কোনো আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হয়। আমরা সেই মোতাবেক করবো।

উল্লেখ্য, ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে চোর অপবাদ দিয়ে কামরুলসহ আরো কয়েকজন মিলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়।

ওই ঘটনার তদন্ত শেষে মোট ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে জালালাবাদ থানা পুলিশ। এর মধ্যে ১০ জনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার দু’দিন পর ১০ জুলাই প্রধান আসামি কামরুল জেদ্দায় পালিয়ে যায়। প্রবাসী বাংলাদেশিরা সেখানে তাকে আটক করে। পরে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button