
পবিত্র কুরআনের শিক্ষা ও হিফয চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার বিকাশে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে ২০২৬ সালে দ্বিতীয় বারের মতো ‘আফলাতুন নেছা হিফযুল কুরআন বৃত্তি পরীক্ষা’ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে গত ০২ নভেম্বর ২০২৬ তারিখে আফলাতুন নেছা হিফযুল কুরআন বৃত্তি পরিষদের সভাপতি মো. আজাদ মিয়ার বাসভবনে তারই সভাপতিত্বেএক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সম্পাদক হাফিজ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা হাফিজ আব্দুল হক, গুপ্তর গাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা শেখ মো. আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন টিটন, কোষাধ্যক্ষ রহমত আলী খোকন, সমাজকল্যাণ সম্পাদক মো. জয়নাল আবেদীন ও মো. ইমরান হোসেন প্রমুখ।
সভায় আসন্ন বৃত্তি পরীক্ষার সময়সূচি, সার্বিক প্রস্তুতি এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা পবিত্র কুরআন হিফয ও চর্চায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে পরীক্ষাটি সুশৃঙ্খল, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

