Homeশীর্ষ সংবাদমাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন

মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন

মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম মারা গেছেন। ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেন হাসপাতালের চিকিৎসকরা।

বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে ১২৪ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-০২২) উড্ডয়ন করেছিলেন ক্যাপ্টেন নওশাদ। পথে ভারতের আকাশে তিনি অসুস্থ বোধ করেন। পরে প্লেনটিকে মহারাষ্ট্রের নাগপুরে ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নওশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তিনি ‘কোমায়’ চলে গেছেন।

রোববার তার অবস্থার আরও অবনতি হয় বলে জানানো হয়। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের প্লেনটিতে ১২৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে ছিলেন। শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়। মধ্যরাতের পর প্লেনটিকে যাত্রীসহ ঢাকার বিমানবন্দরে নিয়ে আসা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments