বাসিয়া ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর মঙ্গলবার বিকেলে এই বিশেষ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর হকার্স মার্কেটের একটি ভবনের চারতলায় গোপনে ‘ঘনচিনি’ নামক উপাদানের সাহায্যে বিভিন্ন নিষিদ্ধ ও ভেজাল পণ্য উৎপাদন করা হতো যা মূলত যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এসব খবর পেয়ে নগরীর লালদিঘিরপাড় হকার্স মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্য উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অন্য দুটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রয় এবং অন্যান্য কোম্পানির ট্রেডমার্ক ও প্যাকেজিং নকল করে মানহীন পণ্য বাজারজাত করার অপরাধে ৫০ হাজার ও ৩০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল আলম ও সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের এডি জয়নাল আবেদীন, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
