সারিকার প্রেমের সফল পরিনতি

14-05বিয়ে করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সারিকা। তার বর মাহিম করিম। পেশায় ব্যবসায়ী। বেশ ঘরোয়া আয়োজনেই ১২ই আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিকা-মাহিমের বিয়ে সম্পন্ন হয়। তবে সারিকা বিষয়টি সবাইকে জানালেন পরের দিন। বরকে মিডিয়া কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য বুধবার বিকালে গুলশানের একটি রেস্টুরেন্টে একটি অনানুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় তার পক্ষ থেকে। আয়োজনের শুরুতেই সারিকা বলেন, বিয়ের সুখবরটি ভাগাভাগি করে নেয়ার জন্যই আজকের এই আয়োজন। আমি ও মাহিম পারিবারিকভাবে গতকাল বিয়ে করেছি। মাহিমের সঙ্গে আমার পরিচয় ৭ বছরের। প্রেম গত বছর থেকে। বিয়ের বিষয়টি কিন্তু চলতি বছরের মার্চেই আমরা সবাইকে জানিয়েছিলাম। বিভিন্ন কারণে একটু দেরি হয়ে গেল শুভ কাজটা সারতে। সারিকার স্বামী মাহিম করিম তার অনুভূূতি জানাতে গিয়ে বলেন, ঘরোয়াভাবে বিয়ে করেছি আমরা। তবে খুব শিগগিরই বড় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতাটা সারবো। আমি মনে করি সারিকার মতো তারকা স্ত্রী পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। দোয়া করবেন আমাদের জন্য। নিজেদের পরিচয় ও প্রণয়ের কথা জানাতে গিয়ে সারিকা অতীতে ফিরে গিয়ে বলেন, ২০০৭ সালে কোন এক ঈদের দিন আমাদের প্রথম পরিচয়। সেদিন আমার একটি র‌্যাম্প শো ছিল। তখন প্রথম দেখা হয় আমাদের। এরপর আমরা বেশ ভাল বন্ধু ছিলাম। গত বছর আমরা প্রেমের সম্পর্কে জড়াই। বিয়ের মাধ্যমে আমাদের প্রেমের জয় হয়েছে বলেই আমি মনে করি। এদিকে খুব শিগগিরই হানিমুনে যাচ্ছেন এই নব দম্পতি। আর সেটা হচ্ছে চলতি মাসেই। তবে এক্ষেত্রে দু’জনের দু’টি পছন্দ। সারিকার পছন্দ মালদ্বীপ আর মাহিমের মালয়েশিয়া। হানিমুনের স্থানটি ঠিক করে সবাইকে ঘোষণা দেবেন বলেও জানালেন মাহিম। সারিকা বেশ দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। বিয়ের পর কি তাহলে একদমই ছেড়ে দেবেন অভিনয়? সারিকার ভাষ্য, না। তবে আপাতত সংসার নিয়েই থাকতে চাই। সংসারের সুখটা আমি শতভাগ উপভোগ করতে আগ্রহী। মাত্র তো বিয়েটা হলো। বিয়ের পরবর্তী সময়টা উপভোগের অপেক্ষায় আছি। তবে স্বামী ও শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে পুরোপুরি স্বাধীনতা দেয়া হয়েছে এক্ষেত্রে। শাশুড়ি আমার অভিনয় খুব পছন্দ করেন। তাই সংসারে কিছুটা সময় দিয়ে হয়তো অভিনয়ে ফিরবো। আড্ডার মধ্য দিয়ে বিভিন্ন কথা বলার পর এই নবদম্পতি অংশ নেন জমকালো ফটোসেশনে।

Developed by: