বাংলাদেশের সাংবাদিকদের পাশে জার্মানি

13-1ঢাকাস্থ জার্মান দূতাবাস বাংলাদেশের সাংবাদিকদের অধিকার রক্ষায় এগিয়ে এসেছে। এ জন্য তারা একটি প্রকল্পে মানবাধিকার সংগঠন ‘আর্টিক্যাল ১৯’-এর সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। এ বিষয়ে জার্মান দূতাবাসে একটি চুক্তি সাক্ষর হয়েছে।

আর্টিক্যাল ১৯-এর আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান সাংবাদিকদের জানান, সাত মাসের এই প্রকল্পে বাংলাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হবে। সেখানে তাঁদের অধিকারের জন্য আইনি প্রশিক্ষণ যেমন থাকবে, তেমনি তাঁরা কীভাবে ঝুঁকি এড়িয়ে কাজ করতে পারেন – সে বিষয়েও প্রশিক্ষণ দেয়া হবে। তাহমিনা জানান, সাংবাদিকদের বাছাই করা হবে সারাদেশ থেকে। ঢাকার সাংবাদিকরা যেমন থাকবেন, তেমনি ঢাকার বাইরের সাংবাদিকরাও থাকবেন।

তিনি বলেন, ”বাংলাদেশে সাংবাদিকরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে এবং ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই তাঁদের তথ্য অধিকার, সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা এবং এই সংক্রান্ত আইন ও বিধি বিধানের ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা উচিত। একই সঙ্গে এ সংক্রান্ত আন্তর্জাতিক নীতি, আইন এবং বিধি সম্পর্কেও তাঁদের ধারণা থাকা দরকার। এ সব জানা থাকলে তাঁরা অনেকটাই ঝুঁকি এড়িয়ে কাজ করতে পারবেন। এছাড়া সাংবাদিকদের অধিকার, বিশেষ করে তথ্য সংক্রান্ত অধিকার সম্পর্কেও সম্যক ধারণা থাকতে হবে। এই ধারণা তাঁকে তাঁর অধিকার সম্পর্কে সচেতন করবে। আমরা চাই সাংবাদিকরা ঝুঁকিমুক্ত পরিবেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন। এই প্রকল্পের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দিয়ে সেভাবেই তাঁদের প্রস্তুত করার চেষ্টা করা হবে।”

এই প্রকল্পে জার্মানি ৫০ লাখ টাকার অর্থ সহায়তা দেবে। ঢাকার জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফন ভাইয়ে এবং আর্টিক্যাল ১৯-এর আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান মঙ্গলবার ঐ চুক্তিতে সই করেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের অধিকার আরো সমুন্নত হবে বলে চুক্তিসাক্ষর অনুষ্ঠানে আশা করা হয়েছে।

Developed by: