মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তদের মহাপরিচালক দ্বীন মোহম্মদ নুরুল হক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের হাতে ফলাফল তুলে দেন।
চলতি বছরের ভর্তি পরীক্ষায় ২২ হাজার ৭৫৯ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ২২৭ জন সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ এবং মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি সুযোগ পাবেন। ভর্তির ফলাফল অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এ পাওয়া যাবে।
গত শুক্রবার সারা দেশে ২৩টি পরীক্ষা কেন্দ্রে এক ঘণ্টার এ পরীক্ষা হয়। এবার ভর্তি পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে পরীক্ষার্থীদের। আগে পাস নম্বর ছিলো ২০।
সারাদেশে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ এবং মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে মোট ১০ হাজার ২২৭টি আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষার ফরম তোলেন ৬৯ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। বর্তমানে দেশের ২৯টি সরকারি মেডিক্যাল কলেজে তিন হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিক্যালে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।

