সিলেটে আ.লীগের মহিলা সম্পাদিকার ওপর হামলা

সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আসমা বেগমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে লোহার রড দিয়ে মেরে শরীরে রক্তাক্ত জখম করেছে। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বুধবার রাতে জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, আসমা বেগম ও তার বড় বোন সাবেক কাউন্সিলর মুক্তা বেগম তার ভাইয়ের রক্ষিত আসবাবপত্র আনতে কুমারগাঁয়ে তোফাজ্জল মিয়ার বাসায় যান। সেখানে কথাকাটাকাটির জের ধরে তোফাজ্জল মিয়ার ছেলে রাসেল লোহার রড নিয়ে আসমা বেগমকে বেদম মারপিট করে।
১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আসমার শরীরের নানা স্থানে লোহার রডের ফুলা জখম রয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে, পারিবারিক বিরোধ থেকে এই হামলার ঘটনা হয়েছে।’

Developed by: