করাচী, ২৫ এপ্রিল- অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে শুক্রবার নিহত হয়েছেন পাকিস্তানের প্রখ্যাত সামাজিক এবং মানবাধিকার আন্দোলনের কর্মী সাবিন মাহমুদ। করাচিতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ৪০ বছরের ওই নারী। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করেনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সাবেন মাহমুদ বেলুচিস্তানের নিখোঁজ ব্যক্তিদের ওপর এক অনুষ্টানে অংশ নেয়া শেষে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা। খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে চারবার গুলি করা হয়। এতে তার কাঁধ, বুক এবং পেটে গুলি লাগে। স্থানীয় সময় রাত সড়ে নয়টার দিকে তাকে করাচির ন্যাশনাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় গাড়িতে মেয়ের সঙ্গে থাকা সাবিন মাহমুদের মাও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

