মৃত্যুর সাথে ১৩ দিন যুদ্ধ করে গতকাল শনিবার না ফেরার দেশে চলে গেছেন সিলেটভিউ২৪ডটকম’র নিজস্ব প্রতিবেদক রাশেদীন ফয়সাল (২৮)। রবিবার সকাল ১১টায় মোগলাবাজারে তার জানাজার নামাজ শেষে তাকে চিরনিদ্রায় কবরে শায়িত করা হয়।
ফয়সালের জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান ইমাদ আল নাছিরী, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক শাহ্ দিদার আলম নবেল। পরিচালনায় ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক।
স্মৃতিচারণকালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহকর্মী, স্বজন হারানোর বেদনায় চোখ ভেসে যায় জলে।
এদিকে জানাজায় উপস্থিত ছিলেন টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, সাংবাদিক নাজমুল কবীর পাভেল, মঈনুদ্দিন, ইমরান আহমদ, গুলজার আহমদ প্রমুখ। জানাজা শেষে ফয়সালের নিজ বাড়ি মোগলাবাজারের কোনারচর গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় তাকে শায়িত করা হয়।
গত ১৩ জুলাই সড়ক দূর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন ফয়সাল। সেই আঘাতেই ১৩ দিন সংজ্ঞাহীন অবস্থায় থাকার পর শনিবার বিকেল ৬টার দিকে চিরন্তন সত্য মৃত্যুই এসেছে তার জন্য। রাশেদীন ফয়সাল সিলেটের মোগলাবাজারের কোনারচর গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে। মা, ৬ বোন ও এক ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, শুভাকাংখী রেখে গেছেন তিনি।

