সিলেট: ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজন হত্যাকারীদের ফাঁসি চাই/ রাজনের কান্না, সইবে না বাংলা/ জ্বালো জ্বালো, আগুন জ্বালো/ কামরুলে গালে গালে, জুতা মারো তালে তালে/ কামরুল কেন সৌদি গেলো, পুলিশ প্রশাসন জবাব দে/ একটা-দুইটা দালাল ধর, ধইরা ধইরা জবাই কর/ আমার ভাই খুন কেন, প্রশাসন জবাব দে।’
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এমন হাজারো স্লোগানের দৃশ্য দেখা গেলো নিহত শিশু রাজনের গ্রামের বাড়ি বাদেআলীতে।
মঙ্গলবার সকালে সরেজমিন বাদেআলী গ্রামে গিয়ে দেখা গেছে, শিশু সামিউল আলম রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত হচ্ছেন। সকাল ১১টায় মানববন্ধনটি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টা থেকে রাজনের বাড়ির সামনে লাইনে দাঁড়িয়ে মানববন্ধন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।Rajon-2
এছাড়াও রাজন হত্যাকারীদের ফাঁসি চাই লেখা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করতে দেখা গেছে।
সংশ্লিষ্টদের সাথে আলাপকালে জানা গেছে, রাজনের বাড়ির সামনে অনন্তপুর-মাসুকগঞ্জ সড়কে মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধনে বাদেআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাতিম চৌধুরী মাদ্রাসা, মেদীনি মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা একাডেমি, বাছিতপুর-সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইছিম একাডেমি, শাহ সুদারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গার্ন ফ্রায়ার একাডেমি, ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ হাশিম একাডেমি, হাজী রশিদ আলী হাই স্কুল, ওদুদ আক্তার কিন্ডার গার্টেন, ছানোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনাতাবাদ প্রাথমিক বিদ্যালয়, সদর খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আব্দুস ছাত্তার হাই স্কুল, হাজী আব্দুস ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ পাড়া প্রাথমিক বিদ্যালয়, গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডার্ন একাডেমি, তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ ইন্টারন্যাশনার স্কুল, নাজিরেরগাঁও প্রাথমিক বিদ্যালয়, গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা, আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় অর্ধশতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।
মানববন্ধনে অংশ নেয়া আব্দুল গফুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী হুসেন আহমদ বাংলামেইলকে বলেন, ‘আমাদের সহপাঠি রাজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘাতকরা কীভাবে হত্যা করেছে তা ভিডিও ফুটেজে আমরা দেখেছি। আমরা চাই রাজনকে যেভাবে হত্যা করা হয়েছে সেইভাবে খুনিদের বিচার করা হউক।’
মানববন্ধন শেষে রাজনের বাড়ি প্রাঙ্গনে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন- শিশু ইসমাইল খান আব্দুল্লাহ। সমাবেশেও ফাঁসির স্লোগানে দেয় শিশু-কিশোররা। তারা জানায়, তাদের একটাই বাদি রাজন হত্যাকারীদের ফাঁসি।
সমাবেশে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএনপি নেতা খন্দকার মুক্তাদির আহমদ, লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জইন উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, হাজী আব্দুল ছাত্তার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মালিক, বাদেআলী গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ, বাদেআলী গ্রামের কিশোর আব্দুল কাইয়ুম, আব্দুল গফুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী হুসেন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ জুলাই শিশু রাজনকে অমানসিক নির্যাতনের পর হত্যা করা হয় নির্যাতনের সে দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

