অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো সিরিজের প্রত্যাশা মুশফিকের

7492afe871603c848b530c36a527e70aবিশ্বকাপের পর ঘরের মাঠে গত তিনটি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ দল। পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর এবার অপেক্ষা অস্ট্রেলিয়া সিরিজের। ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

গত তিনটি সিরিজে ভালো করায় অজিদের বিপক্ষেও সেই ধারবাহিকতা বাংলাদেশ দল ধরে রাখতে পারবে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের অন্যতম ই-রিটেইল ব্র্যান্ড দারাজডটকমডটবিডি’র শুভেচ্ছা দূত অনুষ্ঠানে এই প্রত্যাশার কথা জানান বাংলাদেশ টেস্ট অধিনায়ক ।

টেস্ট র‌্যাঙ্কিয়ের এক নাম্বার দল দক্ষিণ আফ্রিকা। তারপর র‌্যাঙ্কিয়ের দুইয়ে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সব সময় যেকোনো কন্ডিশনে শক্তিশালী হলেও তাদের সঙ্গে ভালো খেলার ব্যাপারে বেশ আশাবাদী মুশফিকুর রহিম।

মুশফিক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুটো দুই ধরনের দল। অস্ট্রেলিয়া এখন (অ্যাশেজে) যতই খারাপ খেলুক না কেন, যে কোনো কন্ডিশনেই ওরা নিজেদের মানিয়ে নিতে পারে। এজন্য বেশিরভাগ সময়ই টপ র‌্যাঙ্কিংয়ে থাকে ওরা। তাই ঐ সিরিজটি আমাদের জন্য অনেক কঠিন হবে। কিন্তু আমার একটা বিশ্বাস আছে, আমরা যে ধারাবাহিক ক্রিকেট খেলছি, এটা যদি বজায় থাকে, ইন-শা-আল্লাহ, অস্ট্রেলিয়ার সঙ্গে ‍খুব ভালো একটা সিরিজ হবে বাংলাদেশ দলের।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ১৭ দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে আবার ফিরতে হবে প্রস্তুতি ক্যাম্পে। ব্যস্ত হয়ে যেতে হবে ব্যাট-বলের লড়াইয়ে। তাইতো এই ছুটিটা নিজ এলাকা বগুড়ায় গিয়েই কাটাতে চাইছেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য ক্রিকেটাররা নিজ বাড়িতে গিয়ে ঈদ করতে পারেননি। ঐ সময় ক্রিকেটাররা চট্টগ্রামে ছিলেন প্রথম টেস্ট ম্যাচের জন্য।

এ বিষয়ে মুশফিক বলেন, ‘আশা করবো এ সময়গুলোতে আমরা যা অর্জন করতে পেরেছি সেটা যেন আমরা উপভোগ করতে পারি। আপনারা জানেন, এখানে পরিবারের অনেক ত্যাগ আছে। (দক্ষিণ আফ্রিকা) সিরিজের জন্য আমরা তাদের সঙ্গে ঈদ করতে পারি নাই। আমাদের বেশির ভাগ সময়ই পরিবারের বাইরে থাকতে হয়। চেষ্টা করবো, বাবা-মা-ভাই-বোন সবার সঙ্গে সময় কাটাতে। তারপর আবার পরবর্তী চ্যালেজ্ঞের জন্য নামতে পারবো।’

Developed by: