এবারের এইচএসসি পরীক্ষায় কণ্ঠশিল্পীদের মধ্যে জিপিএ-৫ (এ প্লাস)পেয়েছেন ঐশী ফাতিমা তুজ জাহরা ও নোশিন তাবাসসুম স্মরণ। আর সাবরিনা পড়শি পেয়েছেন ৪.৬৭ (এ)। তাদের মধ্যে পড়শি ও স্মরণ দু’জনই রাজধানীর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী ছিলেন। আর ঐশী পরীক্ষা দিয়েছিলেন নোয়াখালী সরকারি কলেজ থেকে।
তিন গায়িকাই সুসংবাদটি ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্টে ভক্ত ও অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেছেন। পড়শি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। নিজের ফলাফল নিয়ে আমি খুবই খুশি। আর অ্যাকাউন্টিং করতে হবে না! দারুণ লাগছে।’
সিঙ্গাপুর থেকে স্মরণ লিখেছেন, ‘আজ (৯ আগস্ট) এইচএসসির ফলাফল ঘোষণা করা হলো। আমি জিপিএ-৫ পেয়েছি। এটা আমার জন্য সত্যিকার অর্থেই উপভোগ্য ব্যাপার। আজ সিঙ্গাপুরের ৫০ বছর পূর্তি হলো। এই দিনটি আমার ভালো ফলাফলের খবর নিয়ে উদযাপন করছি। প্রথমেই ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। এরপর মা-বাবাকে ধন্যবাদ দেবো। আমার আত্মীয়স্বজনদেরকেও ধন্যবাদ। আমার শিক্ষকদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা আমার পাশে সবসময় ছিলেন। বন্ধুরা আমার জন্য দোয়া করো।’
ঐশী লিখেছেন, ‘আজ (৯ আগস্ট) এইচএসসির রেজাল্ট ঘোষণা করা হলো। আমি জিপিএ-৫ পেয়েছি। আলহামদুলিল্লাহ। খুশি। খুশি। খুশি! এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
পড়শি ও স্মরণ পরিচিতি পেয়েছেন চ্যানেল আইয়ের সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে। আর মোবাইল ফোন প্রতিষ্ঠান রবি আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে গানে নাম লেখান ঐশী।

