সিলেট, ২২ সেপ্টেম্বর- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে সঙ্গী হচ্ছেন ১১৯ ব্যবসায়ীর প্রতিনিধিদল। আর এই প্রতিনিধি দলে রয়েছেন সিলেটের সফল নারী উদ্যোক্তা স্বর্ণলতা রায়। এছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সিলেট এবং সুনামগঞ্জের আরো দুই ব্যবসায়ী শামীম আহমদ রাসেল এবং সুজীব রঞ্জন দাসেরও নাম রয়েছে।
সেপ্টেম্বর মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়েরর প্রটোকল অফিসার এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় ১১৯ ব্যবসায়ীর নাম এই সফরে অন্তর্ভুক্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়। সিলেট নগরীর জামতলার বাসিন্দা স্বর্ণলতা রায় সিলেট ওমেন্স চেম্বারের সভাপতি। ব্যবসা চালানোর পাশাপাশি নিজেকে জড়িত রেখেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। কাজ করছেন কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি সংগঠনের সাথে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার অনুভূতি অন্যরকম হবে বলে জানালেন তিনি। তিনি জানান- এর আগেও যুক্তরাষ্ট্র ভ্রমণ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফরসঙ্গী হতে পারাটা খুব আনন্দের। এই সফরে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে কথাবার্তা এবং তাদের ব্যবসার চিন্তাধারার ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন হবে। এসব অভিজ্ঞতা সফরশেষে অন্যদের সাথেও ভাগ করবেন বলে জানালেন স্বর্ণলতা।
প্রধানমন্ত্রীর অপর সফরসঙ্গী হিসেবে সিলেটের সফল ব্যবসায়ী এফবিসিসিআই এর পরিচালক শামীম আহমদ রাসেলের নাম রয়েছে। শামীম আহমদ গোলাপগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি । এছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সুজীব রঞ্জন দাসও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলে জানা গেছে।

