সিলেটের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ তামাক বিরোধি আইনের প্রয়োগ বাড়ছে। ফলে সিগারেট ও তামাকের ব্যবহার আস্তে আস্তে কমে আসছে।
তিনি গতকাল বুধবার দুপুরে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন। ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পাবলিক প্লেস কর্তৃপক্ষের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্প।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন আরো বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্য মানুষের জন্য ক্ষতি ছাড়া মঙ্গল বয়ে আনে না। কিন্তু সাধারণ মানুষ এ বিষয়টি অবগত নয়। মানুষকে এর ক্ষতিকর দিক সম্বন্ধে জানাতে হবে। তবেই এই আইনের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে।
সভায় বক্তারা বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন। পাবলিক প্লেসে এর ব্যবহার, ক্রয়-বিক্রয়ের উপরও নজরদারি বাড়ানো দরকার। এজন্য আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব দেন তারা।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সুজন বণিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ সিহাব, সীমান্তিকের প্রজেক্ট অফিসার নুরুল ইসলাম আতিক, মিডিয়া অফিসার মুরাদ বক্স প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন।
অনুষ্ঠানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল, সাংবাদিক প্রতিনিধি, সরকারি অগ্রগামী বালিক উচ্চ বিদ্যালয়, নন্দিতা সিনেমা হল, নগরীর বিভিন্ন রেস্তোরার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

