বাসিয়া ডেস্ক: যুক্তরাজ্যের একটি মুসলিম পরিবারকে লস অ্যাঞ্জেলসগামী বিমানে উঠতে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এ নিয়ে যুক্তরাজ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, শিশুসহ ১১ সদস্যের ব্রিটিশ মুসলিম পরিবারটিকে গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের গেটউইক বিমানবন্দরে আটকে দেওয়া হয়। সম্ভাব্য সন্ত্রাসী হুমকির আশঙ্কা থেকে মার্কিন কর্মকর্তারা এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অবসর কাটানোর উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলস যেতে চেয়েছিল ওই পরিবারের সদস্যরা। সেখানে তাদের স্বজন আছেন। ভ্রমণের জন্য তারা অনলাইনে অনুমতিও পেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাদের বিমানে উঠতে বাধা দেওয়া হয়। কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে বলা হয়, তাদের ভ্রমণের অনুমতি বাতিল করা হয়েছে। লন্ডনের মার্কিন দূতাবাস ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সবশেষ এই ঘটনায় যুক্তরাজ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদদের অভিযোগ, কোনো কারণ দেখানো ছাড়াই ব্রিটিশ মুসলিমদের যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়ার ঘটনা বাড়ছে। ১৫ ডিসেম্বরের ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহযোগীরা বলছেন, বিষয়টি খতিয়ে দেখবেন ক্যামেরন।

