বাসিয়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ের পরও একাদশে জায়গা হারিয়েছেন শন মার্শ। চোট কাটিয়ে ফেরা উসমান খাওয়াজাকে মেলবোর্ন টেস্টে জায়গা দিতে এই বাঁহাতি ব্যাটসম্যানকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া।
হোবার্টে ১৮২ রানের দারুণ এক ইনিংস খেলার পথে অ্যাডাম ভোজেসের সঙ্গে ৪৪৯ রানের বিশাল এক জুটি গড়েন মার্শ। টেস্টের ইতিহাসে চতুর্থ উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি।
অন্য দিকে, হ্যামস্ট্রিং চোটের জন্য এক মাস মাঠের বাইরে থাকা খাওয়াজাও আছেন দারুণ ছন্দে। চোটে পড়ার আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা দুটি টেস্টে শতক করেন তিনি। মাঠে ফেরার পর বিগ ব্যাশে খেলা একমাত্র ম্যাচেও ছুয়েছেন তিন অঙ্ক।
খাওয়াজা ফেরায় একাদশ থেকে একজনকে বাদ দিতেই হবে অস্ট্রেলিয়াকে। বাদ পড়ার সম্ভাবনা ছিল উদ্বোধনী ব্যাটসম্যান জো বার্নসের। নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্যাবা টেস্টে নিজের প্রথম শতকে পৌঁছনোর পর থেকে আর অর্ধশতকেও যেতে পারছিলেন না তিনি। কিন্তু ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার দারুণ জুটি এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে তাকে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ার্নারের সঙ্গে টানা তিনটি শতরানের জুটি গড়েন বার্নস।
খাওয়াজা ফেরায় চার নম্বরে ফিরে যেতে পারবেন শেষ কয়েক টেস্টে তিনে ব্যাট করা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
শনিবার বড়দিনের উৎসবের আমেজে মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ইনিংস ও ২১২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

