ধর্মীয় অসহিষ্ণুতার প্রভাব পড়েছে ‘দিলওয়ালে’র ব্যবসায়

বিনোদন ডেস্ক :
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার খেসারত এখনও দিতে হচ্ছে শাহরুখ খানকে। বলা হচ্ছে তার নতুন সিনেমা ‘দিলওয়ালে’র ব্যবসায় এই ঘটনার বিরূপ প্রভাব পড়ছে।

১৮ নভেম্বর মুক্তি পেয়ে বছর শেষটা ভালোই মাতিয়ে রাখছে ‘দিলওয়ালে’। তিন দিনে বিশ্বজুড়ে ১২১ কোটি রুপি আয়ের পরও মূলধন উঠিয়ে নিতে পারেনি শত কোটির বেশি বাজেটের সিনেমাটি। পরিচালক রোহিত শেঠির দাবি, ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের মন্তব্য নিয়ে বিতর্ক না ছড়ালে আরো ভালো হতে পারতো ‘দিলওয়ালে’র ব্যবসা।

নভেম্বরে নিজের জন্মদিনে ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা বাড়ছে বলে মন্তব্য করেন শাহরুখ। এই মন্তব্যের কারণে ‘পাকিস্তানি গুপ্তচর’ বলে অভিহীত করা হয় কিং খানকে।

শাহরুখের নতুন সিনেমা ‘দিলওয়ালে’র মুক্তি ঠেকাতে বিহার ও রাজস্থানের কয়েকটি এলাকায় মিছিল করে হিন্দুত্ববাদী সংগঠন বাজরাঙ্গ দল । তাদের প্রতিবাদের মুখে কয়েকটি এলাকায় ‘দিলওয়ালে’র প্রদর্শনী বন্ধ করা হয়।

‘দিলওয়ালে’র ব্যবসার ব্যাপারে অনুশোচনা থাকলেও নিজের মন্তব্য নিয়ে ক্ষমা চাইতে রাজি হননি শাহরুখ। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি আবারও বলেন, তার মন্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

“এখন আমার খুব খারাপ লাগছে, কারণ মানুষ আমার বক্তব্য বুঝতে পারেনি। আমি শুধু চাই সবাই সিনেমাটি দেখুক। আমি কি বলেছি তা নিয়ে না ভেবে সিনেমাটি উপভোগ করুন।”

তিনি আরও বলেন, “আমি ক্ষমা চাই যদি আমার কারণে কেউ কষ্ট পেয়ে থাকে। কিন্তু আমার জন্য সিনেমাটি দেখা থেকে বিরত থাকবেন না। আমি ছাড়া আরো শত শত কলাকুশলী মনপ্রাণ ঢেলে এই সিনেমাতে কাজ করেছেন।”

‘দিলওয়ালে’র মাধ্যমে ৫ বছর পর পর্দায় ফিরেছেন জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল। ‘দিলওয়ালে’র সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে সঞ্জয় লিলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’। নির্মাতা রোহিত শেঠির মতে,‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে বক্স-অফিসে প্রতিযোগিতার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু শাহরুখ এই বিতর্কে না জড়ালে সিনেমাটি ভালো ব্যবসা করতে পারতো।

Developed by: