মাশরাফিদের ধর্মশালায় ক্যাম্প হচ্ছে না

বাসিয়া ডেস্ক : বিশ্বকাপের ‘ফর্মুলা’ টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুসরণ করা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচগুলোর ভেন্যু ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা সম্ভব নয় বলে মনে করছে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাইমুর রহমান।

ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দুই সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোতে ওই ক্যাম্প কাজে লেগেছে।

আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব সুপার টেনে যেতে হলে আগে প্রথম রাউন্ডের বাধা পার হতে হবে বাংলাদেশকে। এই পর্বে তাদের সব ম্যাচ হবে ধর্মশালায়।

বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে ধর্মশালায় একটি ক্যাম্প করার ব্যাপারে সুপারিশ করেছিলেন। খোঁজ খবর নিয়ে প্রতিকূল আবহওয়ার জন্য তা সম্ভব হবে না বলে জানিয়েছে ক্রিকেট পরিচালনা কমিটি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাইমুর রহমান প্রস্তাবিত ক্যাম্প সম্পর্কে বলেন, “আমি কোচের সুপারিশটা দেখেছি। এটা নিয়ে আমাদের সিইও (নিজাম উদ্দিন চৌধুরী) খোঁজ নিয়েছেন। কিন্তু আবহাওয়ার জন্য ব্যাপারটা সম্ভব হবে না।”

ধর্মশালায় এখন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে গ্রীষ্মের শুরুতে। তখন সেখানে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এখনকার কন্ডিশন বিশ্বকাপের মতো নয় বলে আগে পাঠিয়ে কোনো লাভও দেখছেন না নাইমুর।

“গেলে এশিয়া কাপের আগে যেতে হবে। সে সময় আবহাওয়া এতটাই প্রতিকূল থাকবে যে, গিয়ে লাভ হবে না। এশিয়া কাপ শেষ হলে তো বিশ্বকাপই শুরু হবে। আমাদের যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।”

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময় নাও পেতে পারেন মাশরাফিরা। ২৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এশিয়া কাপের ফাইনাল হবে ৬ মার্চ। ফাইনালে উঠলে ৪ ও ৬ মার্চের বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে খেলা হবে না বাংলাদেশের। ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের সুপার টেনে যাওয়ার অভিযান।

Developed by: