নিজস্ব প্রতিবেদক : নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার ২১ দিনের মাথায় স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে র্যাব সদস্যরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১-এর এএসপি নাজমুল হাসান রাজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফুল চট্টগ্রাম থেকে ঢাকায় এসে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
সাইফুল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেছেন বলে গণমাধ্যমে খবর এলে গত ৩০ অক্টোবর তাকে বরখাস্ত করে হাসপতাল কর্তৃপক্ষ।
গণমাধ্যমের সংবাদ বিবেচনায় নিয়ে গত ৩ ডিসেম্বর একটি রুল দেয় হাই কোর্ট। রোগীকে যৌন নির্যাতনের ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং জড়িত সাইফুলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তা জানতে চায় আদালত।
ওইদিনই গুলশান থানায় সাইফুলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর থেকেই সাইফুলকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়।
এ মামলার তদন্তের অগ্রগতি জানিয়ে আগামী ৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দিতে হবে পুলিশকে।

