বাসিয়া ডেস্ক :: সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিনটি বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল- মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, র্যালি, সেমিনার, মিলাদ মাহফিল ও মোনাজাত।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ উপলক্ষে বাণী দেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার ছিল সরকারি ছুটি। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেসরকারি রেডিও দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করেছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক ক্যালিগ্রাফি ও মহানবী (সা.) জীবনভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদশনী, ইসলামী বইমেলা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কিরাত ও হামদ-না’ত এবং এবং রাসূল (সা.) শানে স্বরচিত কবিতা পাঠের আসর।
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা) উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। দিবসটি উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করা হয়।
পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নজরুল একাডেমি মগবাজারে নজরুল ভবনে অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বাদ আসর আলোচনা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।
এ ছাড়া পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

