পিএসএলে শেখার তাড়না মুস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বছরেই দেশের বাইরের লিগে খেলার সুযোগ মেলায় খুশি মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলে নিজেকে আরও শাণিত করতে চান এই তরুণ বাঁহাতি পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার মুস্তাফিজ জানান, প্রথম দিনই পিএসএলে দল পেয়ে দারুণ খুশি তিনি। নিজের অভিজ্ঞতা বাড়ানোর এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চান তিনি।

পিএসএলের খেলোয়াড় বাছাইয়ের ‘গোল্ড ক্যাটেগরি’ থেকে বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজকে দলে নেয় লাহোর কালান্দার্স। এই দলের আইকন খেলোয়াড় হলেন ক্রিস গেইল। কদিন আগেই বিপিএলের এক ম্যাচে তাকে দারুণ এক কাটারে বোল্ড করেছিলেন মুস্তাফিজ।

বিশ্ব জুড়ে টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন গেইল। তার সঙ্গে এবার খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত মুস্তাফিজ।

আপাতত কোনো টেস্ট-ওয়ানডে নেই বাংলাদেশের। সামনে আছে টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে মগ্ন হবেন ক্রিকেটাররা। পিএসএলে খেলার সুযোগ সেই প্রস্তুতিতে বাড়তি সুবিধা এনে দেবে বলে মনে করেন মুস্তাফিজ।

আন্তর্জাতিক ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া মুস্তাফিজ এই সংস্করণে খুব বেশি খেলার সুযোগ পাননি। তাই টি-টোয়েন্টির অলিগলি চিনতে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চান বলে জানালেন ২০ বছর বয়সী এই পেসার।

“আমি যত বেশি সম্ভব খেলতে চাই। আমি জানি, শেখার কোনো শেষ নাই। যত বেশি খেলব, তত বেশি শিখব। আমি এই সুযোগ কাজে লাগাতে চাই।”

এখনও লাহোরের পুরো দল দেখা হয়ে উঠেনি মুস্তাফিজের। তবে দলে বিপিএলে ঢাকা ডায়নাইমাইট সতীর্থ ইয়াসির শাহ, চিটাগং ভাইকিংসের কামরান আকমল, বরিশাল বুলসের গেইল-কেভন কুপারের উপস্থিতিতে তার কাছে আবহটা চেনাই মনে হচ্ছে।

এ পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন মুস্তাফিজ। ১৬.৩০ গড়ে ২০ উইকেট নেওয়া এই পেসার ওভার প্রতি রান দিয়েছেন ৫.৭১ করে।

Developed by: