চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে দিয়ে পতিতাবৃত্তি

রাজধানীর দক্ষিণখানে চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে জোর করে পতিতাবৃত্তির অভিযোগ পাওয়া গেছে। ১৬ বছরের ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ খলিলুর রহমান মামুন নামে এক যুবককে আটক করেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নেত্রকোনার কলমাকান্দার বাসিন্দা ওই কিশোরী ঢাকার বাড্ডা এলাকায় একটি গার্মেন্টে কাজ করতো। মাস খানেক আগে এক নারী তাকে বাসাবাড়িতে বেশি বেতনে কাজের প্রলোভন দেখিয়ে খলিলুর রহমান মামুন নামে এক ব্যক্তির কাছে নিয়ে যায়। খলিলুর রহমান মামুন ওই কিশোরীকে আজমপুর কাঁচাবাজার এলাকার নূরমহল নামে এক বাসায় আটকে রেখে জোর করে পতিতাবৃত্তি করাচ্ছিল।

গত শুক্রবার ওই কিশোরী কৌশলে বিষয়টি তার এক স্বজনকে জানায়। ওই স্বজন দক্ষিণখান থানায় গিয়ে পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে। পরে দক্ষিণখান থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও মামুনকে আটক করে।

দক্ষিণখান থানার এসআই জাহাঙ্গীর জানান, এ ঘটনায় ফিরোজ কবির নামে ভিকটিমের এক আত্মীয় থানায় মামলা করেছেন। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। -মানবজমিন

Developed by: