মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার উদযাপিত হবে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। এ উৎসবে অন্যতম একটি অনুষঙ্গ ঈদের নামাজ আদায়। প্রতি বছরের মতো এবারও সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে।
বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই জামাতে অর্থমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন।
এদিকে, ঈদের প্রধান জামাত উপলক্ষে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে।
গুলশান হামলার বিষয়টিকে বিবেচনায় নিয়ে এবার জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে সিলেট মহানগর পুলিশ। বিশেষতঃ শাহী ঈদগাহ ময়দানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া শাহজালাল, শাহপরাণ দরগাহসহ বিভিন্ন ঈদগাহ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
অন্যদিকে, মঙ্গলবার (০৫ জুলাই) বিকেলে শাহী ঈদগাহ পরিদর্শনে যান সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান। এ সময় তিনি ঈদগাহের নামাজের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ, শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাহী ঈদগাহ ছাড়াও হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার শরীফের মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
একই সময়ে আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
তাছাড়া খাসদবির দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় এবং পশ্চিম পরীমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায় পৌনে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

