সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব বলেছেন, সিলেটের সাবেক পৌর চেয়ারম্যান, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেট ডায়াবেটিক সমিতিসহ অসংখ্য সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সিলেটের সকল মহলের অভিভাবকতূল্য স্বজন, সিলেট ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আ.ফ.ম. কামাল এডভোকেট ছিলেন অসাম্প্রদায়িক, কর্মতৎপর, কর্মচারী বান্ধব, উদারমনা সিলেটের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। তার মৃত্যুতে সিলেটবাসী বহু গুণে গুণান্বিত এক অভিভাবককে হারালো। তার সামাজিক কর্মকান্ডের কাজের মাঝেই তিনি আমাদের মাঝে বিরাজমান থাকবেন অনন্তকাল।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত সমিতির সভাকক্ষে এডভোকেট আ.ফ.ম. কামাল এর মৃত্যুতে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় শোক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নুরুল কামাল। সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সিলেট ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. এ. জেড. মাহবুব আহমদ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ, নির্লোভ ও সাদামনের মানুষ আ.ফ.ম. কামাল ছিলেন বিভিন্ন গুণের অধিকারী। সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন হলে ডা. এম. এ. রকিব ও এডভোকেট আ.ফ.ম. কামালের আত্মা শান্তি পাবে।
সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান তার পরিবারের সাথে আ.ফ.ম. কামালের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন। ভারাক্রান্ত হৃদয়ে তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যরা যেন এ শোক কাটিয়ে উঠতে পারেন তার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট ডায়াবেটিক সমিতির যুগল ডা. এম. এ. রকিব ও আ.ফ.ম. কামালের আদর্শকে লালন করতে হবে। সাবেক পৌর চেয়ারম্যান কামালের কাছ থেকে দাপ্তরিক অনেক কাজের অভিজ্ঞতা আমি নিয়েছি। কামাল সাহেবের আদর্শকে লালন করতে নগরীতে তার নামে কিছু একটা করার ইচ্ছা আছে।
সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ তার বক্তব্যে বলেন, বিগত দিনের সেই বিনোদিনী থেকে যাত্রা শুরু করে আজকের এ ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নের ব্যাপারে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ.ফ.ম. কামালের অবদান অতুলনীয়। সাবেক দুই সাধারণ সম্পাদক আ.ফ.ম. কামাল এডভোকেট এবং ইফতেখার হোসেন শামীমকে সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানিত করার পরিকল্পনা রয়েছে।
সভায় উপস্থিত আ.ফ.ম. কামাল সাহেবের সন্তানদের উদ্দেশ্য করে তিনি বলেন, তার গৌরবোজ্জ্বল ইতিহাস এর ধারাবাহিকতা তোমরা বজায় রাখবে কারণ, তোমরা গর্বিত, কামাল সাহেবের মতো মানুষকে পিতা হিসেবে পেয়েছিলে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, কার্যকরি কমিটির সদস্য ডা. সুধাময় মজুমদার, ডা. শিব্বির আহমদ শিবলী, সাংবাদিক আফতাব চৌধুরী, সম্মানিত জীবন সদস্য আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট স্টেশন ক্লাব এর সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, মরহুমের জামাতা মাজহারুল ইসলাম ডালিম, মরহুমের পুত্র মোর্শেদ কামাল, সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ প্রমুখ।
এছাড়া সভায় কার্যকরি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, জীবন সদস্যবৃন্দ, আগত অতিথিবৃন্দ, সংবাদকর্মীগণ, সমিতি ও হাসপাতালের কর্মকর্তা-কার্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

