
উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন ৩০ জন। আহত হয়েছেন অন্তত ৬০ জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, উত্তরা আধুনিক হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে ঝুঁকিতে রয়েছেন অসংখ্য শিক্ষার্থী।
বিমানটি বিধ্বস্ত হয় উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে। দুর্ঘটনার পরপরই আতঙ্কিত শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের ভিড়ে এলাকা রীতিমতো অস্থির হয়ে ওঠে। আহতদের মধ্যে ৪ জনকে হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়েছে। বাকিদের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও যুক্ত হয়েছে।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দুর্ঘটনা এলাকায় দেখা যায়, শিক্ষার্থীদের কান্না, আতঙ্কিত অভিভাবকদের ছোটাছুটি এবং আগুনে পুড়ে যাওয়া এলাকার হৃদয়বিদারক চিত্র। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে
উল্লেখ্য, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।


