বয়সটা মাত্র দেড় বছর পেরিয়েছে। সম বয়সীরা যেখানে হাটছে আর দৌড়াচ্ছে সেখানে অসুস্থতা আটকে দিয়েছে তাকে। মাত্র ২০ মাস বয়সেই ডাক্তারের ছুরি-কাচির হাতছানি! মাত্র কয়েকদিনের মধ্যেই হার্টের অপারেশন না করালে জীবন নিয়ে সংশয়ও রয়েছে। শিশুটির নাম হোসেইন আহমদ জিহান। সে নগরীর খারপাড়ার মিতালী ২৫/৩ নং বাসার সংবাদপত্র হকার আবদুল হাকিমের একমাত্র সন্তান।
জন্মগত ত্রুটি ও ছিদ্র সংক্রান্ত রোগ পিডিএ-তে আক্রান্ত শিশুটিকে দৌড়ানোর শক্তিও অনেকটা হারিয়েছে। যে বয়সে উদ্যম আর উচ্ছাস তাকে ঘিরে খেলার করার কথা সেখানে কান্নাই তার সঙ্গী। হার্টের এ রোগ সারাতে সংবাদপত্র হকার পিতা আবদুল হাকিম তার সম্বল সপে দিয়েছেন। প্রতিমাসে ৫/৭ হাজার টাকা ঔষধ লাগছে জিহানের। ডাক্তারও বলে দিয়েছেন অপারেশন ছাড়া শিশু জিহানের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। যতোদ্রুত সম্ভব অপারেশর করাতে হবে। আর এতে ৩ লক্ষাধিক টাকা খরচ পড়বে। এতো টাকার যোগান নেই হাকিমের। স্ত্রীর যৎসামান্য স্বর্ণ বিক্রিসহ সর্বস্ব বিক্রি ও ধারদেনা করে ৬০ হাজার টাকার যোগান হয়েছে। বাকী টাকা সংস্থানের জন্য চোখে আধার দেখছেন। এক মাত্র সন্তান জিহানের চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের দ্বারস্থ হচ্ছেন তিনি। হৃদয়বান যদি ফুটফুটে জিহানের চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবেই সুস্থ হয়ে পিতা-মাতার কোলে হাসিতে লুটিয়ে পড়তে পারবে সে।
জিহানের পিতা আবদুল হাকিম সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সদস্য। প্রতিদিন কাকডাকা ভোরে সংবাদপত্র সবার আগে পৌছে দিতে সাইকেলে চাপেন। আর প্যাডেলের পর প্যাডেল দিয়ে দ্রুত গ্রাহকের বাসায় পৌছে ছেলের কাছে ফেরার তাগাদা। কারণ জিহান ঘুম থেকে উঠেই বাবার খোঁজ করে। ঘরে থাকা লাইনবিহীন টেলিফোন সেট নিয়ে বাবাকে বাসায় ফেরার তাগাদা দেয়। জিহানের মা শামীমা জান্নাত বলেন, পিতার জন্য ছেলেটা অন্তপ্রান। বাবাও দ্রুত পত্রিকা বিলি করে বাসায় ফেরেন। আগামী শুক্রবারের মধ্যে জিহানের অপারেশন করতে হবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. বদরুল ইসলামের তত্ত্বাবধানে চলছে জিহানের চিকিৎসা। তিনি সময় বেধে দিয়েছেন। ঢাকায় নিয়ে এ অপারেশন করাতে হবে।
জিহানের পিতা আবদুল হাকিম জানান, ছেলেটা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। কিন্তু এতো টাকা জোগাড়ের সামর্থ্য যে আমার নাই। তাই সমাজের হৃদয়বানদের সহায়তা কামনা করছি।
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি মো. শাহ আলম বলেন, শিশু জিহানের চিকিৎসাসেবায় বিত্তশালীরা এগিয়ে আসলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তাকে সহায়তার জন্য আবদুল হাকিম, একাউন্ট নং ০৩১০০০৬৯০৮, জনতা ব্যাংক শাহজালাল উপশহর শাখা কিংবা বিকাশ একাউন্ট নং ০১৭৮০৪৮২৭৯১ নাম্বারে সহযোগিতা করা যাবে।

