ভূমিকম্পে রাজধানী কাঠমাণ্ডু দক্ষিণ দিকে ১০ ফুট

কাঠমাণ্ডু, ৩০ এপ্রিল- নেপালের ভয়াবহ ভূমিকম্পে রাজধানী কাঠমাণ্ডু দক্ষিণ দিকে ১০ ফুট (তিন মিটার) সরে গেছে। এতে সময় লেগেছে মাত্র ৩০ সেকেন্ড। তবে মাউন্ট এভারেস্টের উচ্চতা সম্ভবত ঠিকঠাকই আছে। বিশেষজ্ঞরা গতকাল মঙ্গলবার এসব জানিয়েছেন।

নেপালে গত শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে চার হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত হাজার দশেক মানুষ। গত আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই ভূমিকম্পে তছনছ হয়ে গেছে রাজধানী কাঠমাণ্ডু। এর মধ্যে গতকাল বিশেষজ্ঞরা জানান, কেবল হতাহত কিংবা ক্ষয়ক্ষতি নয়; ভূমিকম্পে কাঠমাণ্ডুর ভৌগলিক অবস্থানও এদিক-সেদিক হয়েছে।১০ ফুট দক্ষিণে সরে গেছে কাঠমাণ্ডু

ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের স্থাপত্যবিদ্যার বিশেষজ্ঞ জেমস জ্যাকসন জানান, প্রাথমিক উপাত্তের হিসাবে কাঠমাণ্ডু ১০ ফুট দক্ষিণ দিকে সরে গেছে। ভূমিকম্প-পরবর্তী শব্দতরঙ্গ ব্যবহার করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

জ্যাকসনের সঙ্গে একমত পোষণ করেন ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান স্যান্ডি স্টিসি। তিনি বলেন, ‘ইউরেশিয়া থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করা প্লেটের সীমারেখায় (হিমালয়ান থ্রাস্ট) ভূমিকম্পটি সংগঠিত হয়েছে। ফলে কাঠমাণ্ডু কয়েক মিটার দক্ষিণ দিকে সরে গেছে।’

তবে ভূমিকম্পে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতায় সম্ভবত হেরফের হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্টিসি বলেন, ‘সবচেয়ে বড় বিচ্যুতি ঘটে এভারেস্টের পশ্চিমে। মাউন্ট এভারেস্টের অবস্থান সরাসরি ওই বিচ্যুতি লাইনের ওপর পড়েনি। এ ছাড়া বিচ্যুতির গভীরতা খুবই কম হওয়ায় যে ১০ ফুটের পরিবর্তন ঘটেছে, তা অনুভূমিক, লম্বালম্বি নয়। ফলে এভারেস্টের উচ্চতা আগের মতোই থাকার কথা।’

আর পরিবর্তন ঘটলেও স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিগগিরই তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান মেইন।

Developed by: