তিন বছরের মাথায় বাড়ল ট্রেনের যাত্রী ও কনটেইনার পরিবহন ভাড়া।
২০ ফেব্রুয়ারি শনিবার থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলে শুক্রবার জানানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছে সিপিবি ও বাসদ।
এবার গড়ে ভাড়া বাড়ছে সাড়ে ৭ শতাংশ। যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন স্টেশনে নতুন ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত নতুন ভাড়া অনুসারে টিকেট বিক্রিও শুরু হয়েছে।
নতুন হারে ঢাকা-চট্টগ্রাম রুটে শোভন শ্রেণির ভাড়া ২৬৫ টাকা থেকে বেড়ে ২৮৫ টাকা, শোভন চেয়ার ৩২০ থেকে ৩৪৫, এসি চেয়ার ৬১০ থেকে ৬৫৬, এসি সিট ৭৩১ থেকে ৭৮৮ ও এসি বার্থ ১০৯৩ থেকে ১১৮৯ টাকা হবে।
ঢাকা-খুলনা রুটে শোভন শ্রেণির ভাড়া ৩৯০ টাকা থেকে বেড়ে হবে ৪২০ টাকা, শোভন চেয়ার ৪৬৫ থেকে ৫০৫, এসি চেয়ার ৮৯১ থেকে ৯৬১, এসি সিট ১০৭০ থেকে ১১৫৬ ও এসি বার্থ ১৫৯৯ থেকে বেড়ে হবে ১৭৩১ টাকা।
ঢাকা-সিলেট রুটে শোভন শ্রেণির ভাড়া হবে ২৬৫ টাকা, শোভন চেয়ার ৩২০, এসি চেয়ার ৬১০, এসি সিট ৭৩৬ ও এসি বার্থ ১০৯৯ টাকা। ঢাকা-রাজশাহী রুটে এসব শ্রেণির ভাড়া হবে ৮৫, ৩৪০, ৬৫৬, ৭৮২ ও ১০৬৮ টাকা।
অন্যান্য রুটেও প্রায় একই হারে বাড়ছে যাত্রী ভাড়া।
চট্টগ্রাম থেকে ঢাকা আইসিডি পর্যন্ত বিভিন্ন ধরনের কনটেইনার পরিবহন ভাড়া ছিল ৯০০০ থেকে ২১০০০ টাকা। তা বেড়ে হচ্ছে ৯৭০০ থেকে ২২৬০০ টাকা। ভাড়া বাড়ানো হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম আইসিডিতে কনটেইনার নেওয়ারও।
দীর্ঘ ২০ বছর পর ২০১২ সালে বাংলাদেশে ট্রেনের ভাড়া বাড়ানো হয়, কিলোমিটার প্রতি গড় ভাড়া ২৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৩৬ পয়সা।
নতুন ভাড়া ফেব্রুয়ারিতে কার্যকরের ঘোষণা সরকার এর আগেই দিয়েছিল।
রেলের ভাড়া বাড়াতে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়। সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদন লাভের পর নতুন ভাড়া কার্যকরের এই ঘোষণা এল।
সিপিবি ও বাসদ ট্রেনে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে রেলভবন ঘেরাও করতে গেলে বাধা দেয় পুলিশ।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হওয়ার পর পুলিশ শিক্ষা ভবনের সামনে আটকে দিলে সেখানেই সমাবেশ করে দুই দলের নেতাকর্মীরা।
দাবি আদায়ে কেন্দ্রীয়ভাবে রেলভবনের সামনে বিক্ষোভের পাশাপাশি ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি জেলায় জেলায় রেল স্টেশনেও বিক্ষোভের কর্মসূচিও রয়েছে সিপিবি-বাসদের।

