বিভাগ: বিনোদন

খায়রুন সুন্দরী খ্যাত চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে তুলকালাম

বাসিয়া ডেস্ক : কিশোরগঞ্জে খায়রুন সুন্দরী খ্যাত চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

জানা গেছে, কিশোরগঞ্জে আরএফএল প্লাস্টিক কোম্পানির একটি শোরুম উদ্বোধনকে কেন্দ্র করে মুসল্লি, পুলিশ ও মৌসুমী ভক্তদের মধ্যে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র শহীদি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে চিত্রনায়িকা মৌসুমী কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকায় শহীদি মসজিদের পাশে আরএফএল প্লাস্টিক কোম্পানির একটি শোরুম উদ্বোধন করবেন বলে আসছিলেন। সন্ধ্যায় মৌসুমী আসবেন, এ খবর পেয়ে মৌসুমীর হাজারো ভক্ত শহীদি মসজিদের সামনে ভিড় জমায়। মৌসুমী শোরুমে আসার আগে অপেক্ষমাণ ভক্তদের বিনোদনের উদ্দেশ্যে আয়োজকরা প্রজেক্টরের মাধ্যমে মৌসুমীর বিজ্ঞাপন প্রচার শুরু করলে ক্ষিপ্ত হয়ে উঠে মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা। এরপরই তারা লাঠিসোঠা নিয়ে ভক্তদের ধাওয়া দেয়। এসময় তাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ, মুসল্লি ও ভক্তদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে ধাওয়া-পাল্টাধাওয়ার খবর শুনে মৌসুমী তার গাড়ি নিয়ে পুলিশের হেফাজতে থানায় আশ্রয় নেন। পরে থানা থেকে রাত ৮টার দিকে নায়িকা মৌসুমী ঢাকায় ফিরে যান।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কর্মক্ষেত্রে স্টাইলিশ থাকতে

বাসিয়া ডেস্ক : হাল ফ্যাশনের ব্লেজার, সোয়েটার আর চামড়ার ব্যাগ দিয়ে কর্মক্ষেত্রের পোশাকও করা যেতে পারে আকর্ষণীয়।

এবিষয়ে পরামর্শ দিয়েছেন অনলাইন ভিত্তিক পোশাকের ব্র্যান্ড পোস্ট ফোল্ডের সহ-প্রতিষ্ঠাতা আশীষ গুরনানি।

* অফিসে প্যান্টের ভেতর শার্ট গুঁজে পরা আবার সেই শার্টই অফিস শেষে প্যান্টের উপর দিয়ে পরলে আপনাকে দিতে পারে একই পোশাকে দুরকমের ‘লুক’। এরসঙ্গে ‘ক্লাসিক’ ধাঁচে তৈরি করা ব্লেজার আপনার পোশাকে আনবে তীক্ষ্ণতা।

* কনুইতে আলগা কাপড় বা ‘এলবো প্যাচ’ দেওয়া ক্লাসিক ধাঁচের আধুনিক ব্লেজারগুলো পোশাকে আনতে পারে অভিজাত ভাব। পরতে হবে চেক শার্টের উপরে।

* কলার আর হাতে গাঢ় রঙের ইলাস্টিক দেওয়া বেসবল জ্যাকেটগুলো পরার উপযুক্ত সময় শীতকাল।

* প্রিন্টেড সোয়েটারও বেশ উপযোগী পোশাক। কাঁধে হালকা ডিজাইন বা নকশা থাকলে সান্ধ্যকালীন ঘোরাঘুরির জন্য উপযুক্ত পোশাক এটি।

* সবশেষে চাই আপনার ব্যক্তিত্বের পরিচায়ক। হতে পারে একটি চামড়ার ব্যাগ, হাতঘড়ি কিংবা ব্রেসলেট।

মডেল : ফারজানা হক

চিবুকের চর্বি কমানোর ব্যায়াম

বাসিয়া ডেস্ক : মুখের গড়নে কিছুটা তীক্ষ্ণভাব আনতে হাইলাইটার কিংবা ব্লাশ ব্যবহার করেন অনেকেই। তবে চোয়ালে নিচে ব্যাঙের মতো ফুলে থাকা ‘ডাবল চিন’ বা চিবুকের নিচের অংশের বাড়তি চর্বি লুকানো বেশ কষ্টসাধ্য কাজ।

স্বাস্থ্যবিষয়ক একটি এই বিষয়ে বলা হয় যে, ‘ডাবল চিন’ মূলত ত্বকের নিচে জমে থাকা বাড়তি ফ্যাটি টিস্যুর পরত।

সময়ের সঙ্গে ত্বকের কোষকলা এবং ত্বক সংকোচন-প্রসারণ ক্ষমতা হারায় তখন এই কোষগুলো চোয়াল ও ঘাড়ের চারপাশে ঝুলে পড়ে।

শরীরিচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে ‘ডাবল চিন’ কমানোর কিছু ব্যায়ামের কথা উল্লেখ করা হয়। প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় নিয়ে কয়েকটি ব্যায়াম করলেই মুক্তি মিলবে ডাবল চিন থেকে।

চিবুক ওপরে: প্রথম চোয়ালের মাংসপেশি টান-টান করতে চিবুক উপরের দিকে উঠিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর মেরুদণ্ড সোজা করে বসা এবং দাঁড়ানোর মাধ্যমে ব্যায়াম শুরু করতে হবে।

এরপর ঘাড় পেছনের দিকে এলিয়ে ছাদের দিকে মুখ করে এবং চোয়াল যতটা সম্ভব সামনের দিকে বাড়িয়ে দিন। পাঁচ গোনা পর্যন্ত ধরে রেখে চোয়াল চেড়ে দিন। এভাবে একটানা দশবার করতে হবে।

ঘাড় ঘুরানো: অফিসের কাজের ফাঁকে চোয়াল উপরের দিকে উঠিয়ে, মেরুদণ্ড টান-টান অবস্থায় রেখে, ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে ঘাড় ঘুরাতে পারেন। কিছুক্ষণ বিরতি দিয়ে ১০ বার ব্যায়ামটি করার মাধ্যমে গলা, ঘাড় ও কাঁধের মাংসপেশিতে আরাম মিলবে।

জিহ্বায় চাপ দেওয়া: পিঠ সোজা করে, ঘাড় পেছনে এলিয়ে দিয়ে বসে উপরের তালুতে জিহ্বা দিয়ে জোরে চাপ দিন। এই অবস্থা ধরে রেখে বুকের সঙ্গে চিবুক লাগানোর চেষ্টা করুন। এরপর জিহ্বায় চাপ ছেড়ে দিয়ে আগের অবস্থায় ফিরে যান। এভাবে ২০ বারের দুটি সেট করতে হবে।

জিহ্বা বের করে রাখা: ভালোভাবে শুয়ে বা বসে থাকা অবস্থায় যতটা সম্ভব বড় হা করুন এবং জিহ্বা যতটা সম্ভব বের করার চেষ্টা করুন। জিহ্বা টান-টান অবস্থায় যখন নিজের চিবুক এবং ঘাড় অনুভব করতে পারবেন ততক্ষণ পর্যন্ত জিহ্বা বের করতে হবে। ১০ গোনা পর্যন্ত জিহ্বা বের করে রাখুন। প্রতিদিন দুই সেট এই ব্যায়ামটি করতে হবে।

মাথা বাঁকানো: মেরুদণ্ড সোজা রেখে মাথা যতটা সম্ভব পেছনে এলিয়ে রাখুন, যতক্ষণ না চোয়ালে টান অনুভব করছেন। ১০ সেকেন্ড এই অবস্থা ধরে রাখতে হবে।

পছবির মডেল: ফারজানা হক বৃষ্টি । ছবি:মিজান মোহাম্মদ ।

‘বাজিরাও মাস্তানি’ শত কোটির ঘরে

বাসিয়া ডেস্ক : মুক্তির নবম দিনে এসে শত কোটির রুপি আয় করতে পারলো দিপিকা পাড়ুকোন-রানভির সিং-প্রিয়াঙ্কা চোপড়ার ‘বাজিরাও মাস্তানি’। শাহরুখ খান ও কাজলের ধীর হয়ে আসা ‘দিলওয়ালে’র জয়রথকেও প্রায় ধরে ফেলেছে সঞ্জয় লিলা বানসালির ঐতিহাসিক প্রেমের উপাখ্যান।

মুক্তির প্রথম সপ্তাহ পেরুতেই লড়াইটা হয়ে গিয়েছিল একপেশে। তবে মোট আয়ে এগিয়ে ছিল রোহিত শেঠির ‘দিলওয়ালে’। মুক্তির দুদিনে ৪০ কোটি রুপি কামিয়ে ফেলা ‘দিলওয়ালে’র আয়ের চাকা শ্লথ হতে শুরু করে তৃতীয় দিন থেকেই। আর প্রথমে ঢিমে তালে শুরু করা ‘বাজিরাও মাস্তানি’র টিকেট বিক্রি এবং দর্শক সমাগম বেড়েই চলেছে প্রতিদিন।

বড়দিনের ছুটিটাও আশীর্বাদ হয়ে এসেছে বানসালির সিনেমাটির জন্য। ২৫ ডিসেম্বর ‘দিলওয়ালে’ যেখানে আয় করেছে ৮ কোটি ১১ লাখ রুপি, সেখানে ‘বাজিরাও মাস্তানি’ তুলে এনেছে ১২ কোটি ২৫ লাখ রুপি। নবম দিনে শুধু ভারত থেকেই এখন ‘বাজিরাও মাস্তানি’র আয় ১০৮ কোটি ৭০ লাখ রুপি।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইটে মিললো ‘বাজিরাও মাস্তানি’র আয়ের হিসেবটি।

“বাজিরাও মাস্তানি দ্বিতীয় সপ্তাহে পার করলো ১০০ কোটি। শুক্রবার ১২.২৫ কোটি, শনিবার ১০.৩০ কোটি। মোট ১০৮ কোটি ৭০ লাখ রুপি।”

মুক্তির সপ্তম দিনে এসে শত কোটির অঙ্ক ছোঁয়া ‘দিলওয়ালে’র ভারতে মোট আয় দাড়িয়েছে ১২৫ কোটি ৪৬ লাখ রুপিতে। খুব শিগগিরই রানভির-দিপিকার প্রেমের আখ্যান শাহরুখ-কাজলের পর্দা রসায়নকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষক তারান আদার্শ, “খেলা ঘুরে গেছে। ‘বাজিরাও মাস্তানি’ এগুচ্ছে দারুণভাবে, আর পিছিয়ে পড়ছে ‘দিলওয়ালে’। সিনেমা দুটির সাফল্যের ফারাক কমছে। শিগগিরই সেরার খেতাব নিতে যাচ্ছে ‘বাজিরাও মাস্তানি’।”

ভারতের বেশ কিছু জায়গায় প্রদর্শনী নিষিদ্ধ হলেও মারাঠা সেনানায়ক বাজিরাও আর মুসলমান মাস্তানির প্রেমকাহিনি দর্শক এবং সমালোচক-উভয় মহলেই পেয়েছে গ্রহণযোগ্যতা। এ সিনেমার বদৌলতে রানভির সিং এ বছরের অ্যাওয়ার্ড আসরগুলোতে রাজত্ব করতে চলেছেন বলেই মনে হচ্ছে।

অবশেষে শত কোটি আয় ‘দিলওয়ালে’র

বছরের ষষ্ঠ সিনেমা হিসেবে শত কোটির ক্লাবে অন্তভূক্তির্ ঘটেছে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমাটির। তবে ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রাতান ধান পায়ো’র চেয়ে অনেকটা ঢিমে তালেই ১০০ কোটির মাইলফলক ছুঁতে পেরেছে ‘দিলওয়ালে’।

বক্স-অফিস দৌড়ে এবার বন্ধু সালমান খানের কাছে হারতেই হলো শাহরুখকে। ভারতে ১০০ কোটি রুপি আয় করতে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রাতান ধান পায়ো’র লেগেছিল মাত্র তিন দিন। সেখানে দুর্দান্ত সূচনা সত্ত্বেও প্রথম দুদিনের পর ‘দিলওয়ালে’র আয়ের রেখা নিচের দিকেই নামতে থাকে। অবশেষে সপ্তাহের শেষ দিনে এসে ভারতের বাজারে শত কোটি রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইট থেকে মিলবে সিনেমাটির প্রতিদিনের আয়ের হিসাব।

“দিলওয়ালে, শুক্র ২১ কোটি, শনি ২০.০৯ কোটি, রবি ২৪ কোটি, সোম ১০.০৯ কোটি, মঙ্গল ৯.৪২ কোটি, বুধ ৮.৭৯ কোটি, বৃহস্পতি ৯.২৬ কোটি। সর্বমোট ১০২.৬৫ কোটি।”

‘দিলওয়ালে’র মূল লড়াইটা অবশ্য একই দিনে মুক্তি পাওয়া ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গেই চলছে। ভক্তরা মনে করেছিলেন, ৫ বছর পর আবারও রূপালি পর্দায় ফেরা চিরসবুজ জুটি শাহরুখ-কাজলের দৌরাত্ম্যে হার মানবেন দিপিকা-রানভির-প্রিয়াঙ্কা। সিনেমা মুক্তির প্রথম দুদিনেও এমনটাই মনে হচ্ছিল, সাফল্যের শেষ হাসিটা হাসতে যাচ্ছে শাহরুখ-কাজলের প্রেমের আখ্যান। কিন্তু হঠাৎ করেই কমতে শুরু করে ‘দিলওয়ালে’র টিকিট বিক্রি এবং দর্শক সংখ্যা। অন্যদিকে দর্শকদের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে মারাঠা সেনানায়ক পেশোয়া বাজিরাও আর তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির প্রেমকাহিনি ‘বাজিরাও মাস্তানি’র।

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের মন্তব্যে সৃষ্ট বিতর্কের প্রভাবেই ‘দিলওয়ালে’র সাফল্যে ভাঁটা পড়েছে বলে ধারণা করছেন নির্মাতারা। ইতোমধ্যেই পঞ্চম ও ষষ্ঠ দিনে ভারতের বাজারে আয়ে ‘দিলওয়ালে’ কে টপকেছে ‘বাজিরাও মাস্তানি’।

সালমানের মামলা এবার সুপ্রিম কোর্টে

বাসিয়া ডেস্ক : ২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় উচ্চ আদালতের রায়ে বেকসুর খালাস পান সালমান খান। সালমানের লাখো ভক্ত এবং প্রযোজকরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তাতে আরো অনেকের পাশাপাশি সন্তুষ্ট হয়নি মহারাষ্ট্র সরকার। এবার সর্বোচ্চ আদালতের দারস্থ হচ্ছেন তারা।

গত বুধবার বোম্বে হাইকোর্টকে মহারাষ্ট্র সরকার জানিয়েছে যে তাদের পক্ষ থেকে সালমানের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সরকার পক্ষের আইনজীবী জানান, রাষ্ট্রের আইন ও বিচার বিভাগ উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে একটি বিশেষ লিভ পিটিশন দায়ের করবে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিশ এই ব্যাপারে বলেন, রাষ্ট্র সরকার রায় আবারো বিবেচনা করে দেখবে এবং তারপরই একে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেবে।

১০ ডিসেম্বর উচ্চ আদালতের রায়ে বলা হয়, “বাদী পক্ষের দেয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে (সালমান খান) দোষী সাব্যস্ত করা সম্ভব নয়, সাধারণ মানুষ যাই ভাবুন না কেন।”

আদালতে আরো বলা হয়, দূর্ঘটনার সময় অভিনেতা মাতাল ছিলেন কি না এবং গাড়ি চালাচ্ছিলেন কি না তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদী পক্ষ।

চলতি বছরের ৫ জুন ১৩ বছর ধরে চলতে থাকা মুম্বাইয়ে গাড়ি চাপা মামলার চূড়ান্ত রায়ে সালমানকে দোষী সাব্যস্ত করে মুম্বাইয়ের এক নিম্ন আদালত। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে সালমানের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে বান্দ্রার একটি বেকারির সামনের ফুটপাতে। এই দুর্ঘটনায় ফুটপাতে শুয়ে থাকা এক ব্যাক্তি নিহত হন এবং দুজন আহত হন। সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি সে সময় মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

প্রথমে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সালমানের বিরুদ্ধে মামলা চললেও ২০১৪ সালের এপ্রিলে এই মামলায় নতুন করে বিচার শুরু হয়। এবার সালমানের বিরূদ্ধে আনা হয় দণ্ডনীয় নরহত্যার (কাল্পেবল হোমিসাইড) অভিযোগ। এই মামলায় গত ১০ ডিসেম্বর বেকসুর খালাস দেওয়া হয় ৪৯ বছর বয়সী এই তারকাকে।

‘শটে কিছুতেই চুমু খাবে না’

বাসিয়া ডেস্ক : অপর্ণা সেন পরিচালিত নতুন সিনেমা ‘আরশিনগর’ মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর। উইলিয়াম শেক্সপিয়রের করুণ প্রেমকাহিনি ‘রোমিও অ্যান্ড জুলিয়েড’ অবলম্বনে নির্মিতি এ সিনেমায় রোমিও হয়েছেন ম্যাটিনি হিরো দেব। অপর্ণা সেন জানালেন, দেবের সঙ্গে কাজ করতে গিয়ে কিভাবে খানিকটা বিপদেই পড়ে গিয়েছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের দৈনিক আজকালকে অপর্ণ সেন বলেন, “ও কিন্তু সেটে আসতো তৈরি হয়েই। পার্ট মুখস্থ করেই শট দিত। ফলে এই যে ভার্সের আদলে সংলাপ বলা, সে বিষয়ে দেবের পেছনে আমায় তেমন খাটতে হয়নি, যেটা অন্যদের জন্য করতে হয়েছিল। তবে দেবকে খুব বকেছি। সেটা অন্য কারণে। শটে ও কিছুতেই চুমু খাবে না। ওকে বারবার বলতে হয়েছিল, ওরে তুই দেব না, তুই রোমিও। তোকে চুমু খেতেই হবে। ও চেষ্টা করতো বাংলা উচ্চারণ শুদ্ধ করতে। ওকে বলতাম যেমন বলিস তেমনই বল, পাড়ার মাস্তান অত শুদ্ধ উচ্চারণে কথা বলে না।”

আরো জানালেন, যে আরশিনগর তিনি দেখিয়েছেন, সেটা একটা কাল্পনিক জায়গা। এর কোনো ভৌগোলিক সীমারেখা নেই।

তিনি বলেন, “সিনেমার শুরুতেই সূত্রধর রেশমা বাঈয়ের কথায় আমরা জানতে পারি ‘সকলের মনের ভেতর একটা আরশিনগর। সেই আরশিতে নিজের চেহারা দেখেছেন বাবুলোগ?’ সেই চেহারার ছবিই ফুটে উঠছে।”

“সিনেমাতে এখনকার দুর্নীতি, জমি নিয়ে কাড়াকাড়ি, সাম্প্রদায়িক হিংসা এসেছে। সেই প্রসঙ্গে ‘কালা পয়সাওয়ালা’ গানটাও বেশ বোল্ড আর প্রাসঙ্গিক।”

সিনেমাটিতে বিভিন্ন ধারার গান ব্যবহার করা হয়েছে। কাওয়ালি, পপ, রক, হেভি মেটাল, সাধারণ প্রেমের গান, ব্লুজ, বাউল গান আছে।

আরশিনগরের বাসিন্দা এক ধনী মুসলিম পরিবার এবং এক হঠাৎ বড়লোক হয়ে ওঠা হিন্দু পরিবারকে ঘিরে সিনেমার কাহিনি এগিয়েছে। হিন্দু পরিবারের ছেলে রণ মুসলিম পরিবারের মেয়ে জুলির প্রেমে পড়ে যায়।

বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষার শতাধিক সিনেমার অভিনেত্রী অপর্না সেন আশির দশকের শুরুতেই পরিচালক হিসেবে আবির্ভূত হন। প্রথম সিনেমা ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর জন্য সেরা পরিচালকসহ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। হিন্দি, বাংলা, ইংরেজি ভাষার ১১টি সিনেমার মধ্যে সবশেষ সিনেমা ‘গয়নার বাক্স’ (২০১৩) বহুল আলোচিত ও জনপ্রিয়।

অপর্ণা বলেন, “এখনকার অপর্ণা সেনের আর নতুন করে কিছু পাওয়ার নেই। আমার প্রায় সব ছবিই বাণিজ্যিকভাবে সফল। কাজেই এখন চাপমুক্ত আমি। ফলে চিন্তা করতে পারছি ছবির ফর্ম নিয়ে। প্রত্যেকটা ছবিতেই বিষয়ান্তরে যাওয়ার চেষ্টা করছি। এই ফর্ম নিয়ে খেলাটা খেলতে বেশ ভাল লাগছে। আর ‘আরশিনগর’ সম্পর্কে বলতে পারি, এই ছবিতে এমন অনেক কিছু আছে যা অপর্ণা সেনের কাছেও নতুন। কিন্তু একটা ভাল ইউনিট সঙ্গে থাকায় সব সমস্যাই কাটিয়ে উঠেছি।

সৌন্দর্য ধরে রাখতে শীতকালে করবেন না এই ৭টি ভুল

বাসিয়া ডেস্ক : ত্বকের যত্ন সারা বছরই নিতে হয়। শীতকালও তার ব্যতিক্রম নয়, তবে শীতে ত্বকের দরকার হয় বাড়তি যত্ন। আর মেকআপের ক্ষেত্রেও দরকার হয় একটু বেশি মনোযোগ। এ সময়ে কিছু ভুলের কারণে আমাদের ত্বক দেখায় আর বেশি নিষ্প্রাণ। জেনে নিন, এই ভুলগুলো আপনিও করছেন না তো?

১) অনেকদিন ধরে পায়ের নখে নেইলপলিশ লাগিয়ে রাখা
সাধারণত হাতের নেইলপলিশ সপ্তাহখানেক পরেই নষ্ট হয়ে যায়। এ কারনে আমরা তা মুছে ফেলি। কিন্তু শীতকালে বেশিরভাগ সময়েই পায়ে মোজা পরে থাকা হয় ফলে অনেকদিন ধরেই পায়ে রয়ে যায় নেইল পলিশ। এতো বেশি সময় ধরে নেইল পলিশ থাকার কারনে নখ ক্ষয় হতে পারে, হলদেটে হয়ে যেতে পারে। এ দিকে লক্ষ্য রাখুন। তিন সপ্তাহের বেশি নখে নেইল পলিশ রাখবেন না।

২) বেশি ব্রঞ্জার ও ব্লাশ ব্যবহার করা
এসময়ে ত্বক ফ্যাকাশে হয়ে যায় বলে অনেকেই ব্রঞ্জার ব্যবহার করে তাকে উজ্জ্বল করে তুলতে চান কিন্তু এতে আসলে মেকআপ বেশি অস্বাভাবিক মনে হয়। নিজের ত্বকের চাইতে এক বা দুই শেড গাড় ব্রঞ্জার ব্যবহার করুন। ফর্সা ত্বকের অধিকারী নারীরা গাল লালচে দেখানোর জন্য ব্লাশ ব্যবহার করেন। কিন্তু শীতে ঠাণ্ডা বাতাসে এমনিই ত্বক লালচে হয়ে থাকে। এ সময়ে লালচে শেডের ব্লাশ ব্যবহার না করাই ভালো।

৩) অতিরিক্ত গরম পানিতে গোসল
শীতে গরম পানিতেই বেশিরভাগ মানুষ গোসল করেন। কিন্তু এই পানির তাপমাত্রা বেশি গরম হলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। কুসুম গরম পানিতে গোসল করুন।

৪) খুব বেশি হেয়ার ট্রিটমেন্ট করানো
সপ্তাহে একদিন হেয়ার ট্রিটমেন্ট- যেমন পার্লারে গিয়ে হট অয়েল মাসাজ করানোটা ঠিক আছে। কিন্তু শীতে অনেকেরই চুল উস্কোখুস্কো হয়ে যায় আর এই নিষ্প্রাণ চুল ঠিক করতে অনেকেই বেশি বেশি হেয়ার ট্রিটমেন্ট করিয়ে থাকেন। এর চাইতে প্রতিদিন হেয়ার মাস্ক কন্ডিশনারের মত চুলে এক দুই মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন।

৫) বেশি শিমার পাউডার ব্যবহার করা
শিমার পাউডার ব্যবহারে ত্বকে ভেতর থেকে একটা গ্লো আসে বলে মনে হয় সত্যি। কিন্তু পাউডার ব্যবহার করলে শুষ্ক ত্বক আরো শুষ্ক হয়ে যেতে পারে। এ কারণে শিমার পাউডারের বদলে ব্যবহার করতে পারেন ক্রিম শিমার।

৬) ত্বকের যত্ন না নেওয়া
অনেকেই মনে করেন শীতে মুখ না ধুলেও চলবে, এক্সফলিয়েট না করলেও চলবে এবং সানস্ক্রিন দেবার দরকার নেই। এগুলো ভুল ধারনা। শীতকালেও নিয়ম করে ত্বকের যত্ন নেওয়া জরুরি। তবে গ্রীষ্মকালের থেকে কিছুটা আলাদা হবে এ সময়ে ত্বকের যত্ন।

৭) অতিরিক্ত চা-কফি পান
এ সময়ে বেশি ক্যাফেইন গ্রহণ করলে আপনি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারেন এবং ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। সুতরাং ক্যাফেইনের পরিমান কমিয়ে দিন।

মডেল : ফারজনা হক বৃষ্টি

ধর্মীয় অসহিষ্ণুতার প্রভাব পড়েছে ‘দিলওয়ালে’র ব্যবসায়

বিনোদন ডেস্ক :
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার খেসারত এখনও দিতে হচ্ছে শাহরুখ খানকে। বলা হচ্ছে তার নতুন সিনেমা ‘দিলওয়ালে’র ব্যবসায় এই ঘটনার বিরূপ প্রভাব পড়ছে।

১৮ নভেম্বর মুক্তি পেয়ে বছর শেষটা ভালোই মাতিয়ে রাখছে ‘দিলওয়ালে’। তিন দিনে বিশ্বজুড়ে ১২১ কোটি রুপি আয়ের পরও মূলধন উঠিয়ে নিতে পারেনি শত কোটির বেশি বাজেটের সিনেমাটি। পরিচালক রোহিত শেঠির দাবি, ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের মন্তব্য নিয়ে বিতর্ক না ছড়ালে আরো ভালো হতে পারতো ‘দিলওয়ালে’র ব্যবসা।

নভেম্বরে নিজের জন্মদিনে ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা বাড়ছে বলে মন্তব্য করেন শাহরুখ। এই মন্তব্যের কারণে ‘পাকিস্তানি গুপ্তচর’ বলে অভিহীত করা হয় কিং খানকে।

শাহরুখের নতুন সিনেমা ‘দিলওয়ালে’র মুক্তি ঠেকাতে বিহার ও রাজস্থানের কয়েকটি এলাকায় মিছিল করে হিন্দুত্ববাদী সংগঠন বাজরাঙ্গ দল । তাদের প্রতিবাদের মুখে কয়েকটি এলাকায় ‘দিলওয়ালে’র প্রদর্শনী বন্ধ করা হয়।

‘দিলওয়ালে’র ব্যবসার ব্যাপারে অনুশোচনা থাকলেও নিজের মন্তব্য নিয়ে ক্ষমা চাইতে রাজি হননি শাহরুখ। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি আবারও বলেন, তার মন্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

“এখন আমার খুব খারাপ লাগছে, কারণ মানুষ আমার বক্তব্য বুঝতে পারেনি। আমি শুধু চাই সবাই সিনেমাটি দেখুক। আমি কি বলেছি তা নিয়ে না ভেবে সিনেমাটি উপভোগ করুন।”

তিনি আরও বলেন, “আমি ক্ষমা চাই যদি আমার কারণে কেউ কষ্ট পেয়ে থাকে। কিন্তু আমার জন্য সিনেমাটি দেখা থেকে বিরত থাকবেন না। আমি ছাড়া আরো শত শত কলাকুশলী মনপ্রাণ ঢেলে এই সিনেমাতে কাজ করেছেন।”

‘দিলওয়ালে’র মাধ্যমে ৫ বছর পর পর্দায় ফিরেছেন জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল। ‘দিলওয়ালে’র সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে সঞ্জয় লিলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’। নির্মাতা রোহিত শেঠির মতে,‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে বক্স-অফিসে প্রতিযোগিতার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু শাহরুখ এই বিতর্কে না জড়ালে সিনেমাটি ভালো ব্যবসা করতে পারতো।

সালমানের নায়িকা মান্দানা?

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘সুলতান’- এর শুটিং চলছে পুরো দমে। তবে সিনেমার নায়িকা নিয়ে এখনও চলছে কানাঘুষা। সম্প্রতি শোনা গেল দিপিকা পাড়ুকোন কিংবা পারিনিতি চোপড়া নয়, সিনেমাটির নায়িকা হচ্ছে ‘বিগ বস’-এর প্রতিযোগী মান্দানা কারিমি।

‘সুলতান’ সিনেমায় একজন মল্লযোদ্ধা রূপে দেখা যাবে সালমানকে। সিনেমাটির জন্য ওজন বাড়ানোসহ অবয়বে ব্যপক পরিবর্তন এনেছেন এই তারকা। সবই চলছে ঠিকমতো, কেবল নায়িকাই ঠিক হয়নি। প্রথমে শোনা গিয়েছিল সিনেমাটিতে প্রথমবারের মতো সালমানের বিপরীতে দেখা যাবে দিপিকাকে। পরে পারিনিতি এবং কৃতি শ্যাননের নামও শোনা যায়।

‘সুলতান’- এর জন্য নতুন মুখ খুঁজছেন নির্মাতারা। ইতোমধ্যেই ইরানী সুন্দরী মান্দানার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন তারা।

এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ‘সুলতান’ নির্মাতাদের পক্ষ থেকে। কিন্তু ‘বিগ বস’ সঞ্চালক সালমানের মান্দানার প্রতি সহানুভূতিশীল আচরণ চোখ এড়ায়নি কারও।

মডেল ও অভিনেত্রী মান্দানাকে এর আগে দেখা গেছে ‘ভাগ জনি’ সিনেমায়। এছাড়াও আগামী বছর মুক্তি পাচ্ছে সেক্স-কমেডি ‘ক্যায়া কুল হ্যায় হাম থ্রি’। এতে মান্দানার সঙ্গে দেখা যাবে আফতাব শিভদাসানি এবং তুষার কাপুরকে।

Developed by: